দিল্লি বিশ্ববিদ্যালয় সহকারী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ২১৫টি শূন্যপদে কর্মী নেওয়া হবে। যোগ্য প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট du.ac.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৯ নভেম্বর, ২০২৬।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
সহকারী পদে আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, কেন্দ্র বা রাজ্য সরকারি দফতর, রাষ্ট্রায়ত্ত সংস্থা কিংবা স্বশাসিত প্রতিষ্ঠানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বা সমতুল্য পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া, অন্তত ২০০ কোটি টাকা বার্ষিক লেনদেন রয়েছে এমন বেসরকারি সংস্থা বা কর্পোরেট ব্যাঙ্কে সমতুল্য বেতন কাঠামোয় কাজের অভিজ্ঞতাও গ্রহণযোগ্য। এ ছাড়া, প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩২ বছর।
কী ভাবে হবে নিয়োগ?
নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে। এর পাশাপাশি দক্ষতা যাচাই পরীক্ষাও হবে। তিনটি পর্যায়ে এই প্রক্রিয়া চলবে।
প্রাথমিক পরীক্ষা: মোট ১০০টি প্রশ্ন থাকবে, পূর্ণমান ২০০। পরীক্ষা হবে মাল্টিপল চয়েস বা এমসিকিউ পদ্ধতিতে। সাধারণ জ্ঞান, রিজ়নিং, গাণিতিক দক্ষতা এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির কাজকর্ম সংক্রান্ত বিষয় থেকে প্রশ্ন আসবে। এই পরীক্ষা মূলত পরবর্তী পর্যায়ের জন্য প্রার্থী বাছাইয়ের উদ্দেশ্যে নেওয়া হবে। চূড়ান্ত মূল্যায়নে এর কোনও নম্বর যোগ হবে না।
মূল পরীক্ষা: মূল পরীক্ষার পূর্ণমান ২০০। এই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই মেধাতালিকা তৈরি করা হবে।
দক্ষতা যাচাই পরীক্ষা: এই পরীক্ষার পূর্ণমান ১০০। উত্তীর্ণ হতে প্রার্থীদের অন্তত ৫০ নম্বর পেতে হবে। তবে এই পরীক্ষা শুধুমাত্র যোগ্যতা যাচাইয়ের জন্য, চূড়ান্ত মেধাতালিকায় এর নম্বর যোগ হবে না।
কত টাকা আবেদনমূল্য?
বিভিন্ন বিভাগের জন্য আবেদনমূল্য আলাদা।
সাধারণ ও অসংরক্ষিত বিভাগের প্রার্থীদের: ১,০০০ টাকা।
ওবিসি-এনসিএল, ইডব্লিউএস এবং মহিলা প্রার্থীদের: ৮০০ টাকা।
তফসিলি জাতি ও উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষম বিভাগের প্রার্থীদের: ৬০০ টাকা।