রাজকুমার হিরানী পরিচালিত ‘থ্রি ইডিয়ট্স’ ছবির চরিত্র ফুনসুখ ওয়াংড়ু ওরফে ‘র্যাঞ্চো’কে লাদাখের শিক্ষাবিদ্ ও সমাজসেবী সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল— বহু বছর ধরে প্রচলিত এই ধারণাকে এ বার স্পষ্ট ভাবে খারিজ করলেন বলিউড তারকা আমির খান।
সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে আমির জানান, ওই ছবির চিত্রনাট্য লেখার সময় তিনি বা ছবির লেখকেরা জানতেন না সোনম ওয়াংচুক সম্পর্কে। তবে, ওয়াংচুকের কাজের প্রশংসা করতে ভোলেননি আমির। যন্তর মন্তরে তাঁর সাম্প্রতিক অনশন নিয়ে উদ্বেগও প্রকাশ করেন।
‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ‘থ্রি ইডিয়ট্স’-এর বিশেষ প্রদর্শনীর পরে প্রশ্নোত্তর পর্বে আমির বলেন, “অনেকের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে, এই ছবিটি সোনম ওয়াংচুকের জীবনের উপর ভিত্তি করে তৈরি। এটা একেবারেই সত্যি নয়। ছবির চিত্রনাট্য যখন লেখা হচ্ছিল, তখন আমরা ওঁর সম্পর্কে কিছুই জানতাম না। ব্যক্তিগত ভাবেও আমি তাঁকে চিনতাম না।”
এর পরেই অভিনেতা যোগ করেন, “তবে সোনম ওয়াংচুক যে কাজ করছেন, তা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অনশন করছেন। অনেকেই মনে করছেন, তাঁর এখন এই অনশন শেষ করা উচিত, কারণ তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে।”
এই অনুষ্ঠানে আমির তাঁর সহ-অভিনেতা ওমি বৈদ্যের সাম্প্রতিক একটি ভিডিয়ো নিয়েও মুখ খোলেন। ছবিতে চতুর রামলিঙ্গমের চরিত্রে অভিনয় করা ওমি ওই ভিডিয়োয় সোনম ওয়াংচুকের আন্দোলনকে সমর্থন জানিয়ে দাবি করেছিলেন, ফুনসুখ ওয়াংড়ু চরিত্রটি ওয়াংচুককে অবলম্বন করেই তৈরি। এর পর থেকেই বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে আমিরের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন অনেকে।
এ প্রসঙ্গে আমির বলেন, “চতুর (ওমি বৈদ্য) ভিডিয়োতে যা বলেছেন, তা সঠিক নয়।” তিনি আরও বলেন, “সোনম ওয়াংচুকের কাজের মূল্যায়নের জন্য সিনেমার কোনও চরিত্রের সঙ্গে তাঁকে যুক্ত করার প্রয়োজন নেই। তাঁর কাজ নিজস্ব গুণেই সম্মান পাওয়ার যোগ্য।”
আরও পড়ুন:
উল্লেখ্য, বর্তমানে দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্ট কালের জন্য অনশনে বসেছেন সোনম ওয়াংচুক। নিট ইউজি প্রশ্নফাঁস কেলেঙ্কারির পরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত ২০ জুন ‘ককরোচ জনতা পার্টি’ সেখানে প্রতিবাদ শুরু করে। তার আট দিন পরে সোনম ওয়াংচুক অনশন শুরু করেন। প্রথম দিকে আমজনতার তেমন উৎসাহ না থাকলেও গত কয়েক দিনে ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছড়াতে শুরু করেছে।
বক্তব্যের শেষে আমিরও অন্য বিশিষ্ট ব্যক্তিদের মতো সোনম ওয়াংচুককে নিজের জীবনের কথা ভেবে অনশন প্রত্যাহার করার আবেদন জানান।