বিতর্কে রুবীনা দিলায়ক ও তাঁর স্বামী অভিনেতা অভিনব শুক্ল। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী নাকি পর্ন ছবি! এমনই দাবি করেছেন অভিনব। হিনা খান ও তাঁর স্বামী রকি জায়সবালের সঙ্গে সম্প্রতি একটি পডকাস্ট শুরু করেছেন রুবীনা ও অভিনব। অনুষ্ঠানের নাম ‘দ্য ফোর পিওভি’। এখানে চার জনেই সমাজ, সম্পর্ক এবং নানা বিষয় আলোচনা করেন।
কিছু দিন আগেই অভিনেত্রী দীয়া মির্জ়ার একটি মন্তব্য নিয়ে বিস্তর আলোচনা ও সমালোচনা হয়েছিল। দীয়া দাবি করেছিলেন, জলবায়ু সঙ্কটের জন্য অনেকটাই দায়ী পুরুষতন্ত্র এবং পুরুষেরা। সেই মন্তব্য ঘিরেই আলোচনা চলছিল পডকাস্টে। আলোচনার মাঝেই এমন একটি মন্তব্য করেন অভিনব শুক্ল, যা শুনে অবাক হয়ে যান রুবীনা। অভিনব বলেন, “বিশ্ব উষ্ণায়নের অন্যতম বড় কারণ হল পর্ন দেখা।”
এর ব্যাখ্যা দিতে গিয়ে অভিনব বলেন, “পর্ন তৈরি করতে এবং তা বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে বিপুল পরিমাণ শক্তি খরচ হয়। এর ফলে পরিবেশের উপর বড় প্রভাব পড়ে।” শুধু পরিবেশ নয়, পর্নের আরও ক্ষতিকর প্রভাব রয়েছে বলেও দাবি করেন অভিনব। হিনা তাঁকে প্রশ্ন করেন, তিনি নিজে পর্ন দেখেন কি না। উত্তরে অভিনব বলেন, “পর্ন খুবই বিপজ্জনক। এতে বাস্তব জীবন সম্পর্কে অবাস্তব প্রত্যাশা তৈরি হয়। পুরুষদের মানসিক ভাবে দুর্বল করে দেয় পর্ন ছবি। জীবনের লক্ষ্য থেকে সরে যায় মানুষ। প্রচুর সময় নষ্ট হয় এবং মানুষের শক্তিও কমে যায়।” অভিনবের এই মন্তব্যে প্রথমে হতভম্ব হয়ে যান স্ত্রী রুবীনা। পরে হেসে ফেলেন নিজেই। হিনা এবং রকিও হাসতে থাকেন।
অভিনবের এই মন্তব্য ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেটাগরিকদের একাংশ অভিনবের বক্তব্যের সঙ্গে একমত হলেও, অনেকে আবার তাঁর মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন।