Advertisement
E-Paper

‘আমার কেরিয়ারের দায়িত্ব নিয়েছেন শাহরুখ’, বাদশার একটি বিশেষ পরামর্শের কথাও জানালেন অভিষেক

শাহরুখ খানের কাছ থেকে একটি পরামর্শ পেয়েছিলেন অভিষেক বচ্চন। সেই সহজ কথা আজও মনে রেখেছেন অভিনেতা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ ১৬:১৮
কী ভাবে অভিষেককে সাহায্য করেছিলেন শাহরুখ?

কী ভাবে অভিষেককে সাহায্য করেছিলেন শাহরুখ? ছবি: সংগৃহীত।

অভিনয়ে পা রাখার অনেক আগেই শাহরুখ খানের কাছ থেকে একটি পরামর্শ পেয়েছিলেন অভিষেক বচ্চন। সেই সহজ কথা আজও মনে রেখেছেন অভিনেতা। বরং বছরের পর বছর ধরে নিজের কাজের ক্ষেত্রে সেই পরামর্শই মেনে চলেছেন তিনি।

কী বলেছিলেন শাহরুখ? অভিষেক জানান, কোনও ছবিতে কাজ করলে জীবনের কেন্দ্রে থাকতে হবে সেই ছবিটিই। সেই মুহূর্তে সেই ছবিই হতে হবে অভিনেতার সবচেয়ে প্রিয় ছবি। অতীতে কী হয়েছে, তা নিয়ে না ভেবে বর্তমানে যে কাজটি করছেন, তার প্রতিই মন দেওয়া উচিত। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই পুরনো দিনের কথা ফিরিয়ে এনেছেন অভিষেক।

সাক্ষাৎকারে অভিষেক জানান, অভিনয়ে আসার আগের দিনগুলিতে প্রায় প্রতি রবিবারই যশরাজ ফিলম্‌সের কর্ণধার আদিত্য চোপড়ার বাড়িতে ক্রিকেট খেলতেন তাঁরা। সঙ্গে থাকতেন উদয় চোপড়া, হৃতিক রোশন, সিকন্দর খের-সহ আরও অনেকে। সেই সময়ে শাহরুখও সেখানে থাকতেন। ধীরে ধীরে দলের কাছে অনেকটা বড় দাদার মতো হয়ে উঠেছিলেন তিনি। শাহরুখের সঙ্গে এখনও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক। অভিষেকের বক্তব্য, কর্মজীবনে বার বার তাঁকে সাহায্য করেছেন শাহরুখ। এমনকি, ‘কিং’ ছবির ক্ষেত্রেও তাঁর পাশে দাঁড়িয়েছেন। অভিষেক বলেন, “আমার কেরিয়ার নিয়ে শাহরুখ বেশ কয়েক বার ব্যক্তিগত ভাবে দায়িত্ব নিয়েছেন। ‘কিং’-এর ক্ষেত্রেও তাই করেছেন।”

এর পরেই পুরনো একটি কথোপকথনের কথা জানান অভিষেক। অভিনয়ে আসার আগে এক দিন শাহরুখকে তিনি প্রশ্ন করেছিলেন, তাঁর প্রিয় ছবি কোনটি। উত্তরে শাহরুখ বলেছিলেন, “আমার প্রিয় ছবি হল যে ছবিটা আমি এই মুহূর্তে করছি। কারণ, সেটা যদি আমার প্রিয় না হয়, তা হলে আমি ছবিটা করছি কেন? এখন যে কাজটা করছি, সেটাই আমার সবচেয়ে প্রিয় হতে হবে। অতীতে কী হয়েছে, তা অতীত। আমি সেটা নিয়ে ভাবি না।”

শাহরুখের সেই কথায় মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলেন অভিষেক। আজও তা মেনে চলেন অভিনেতা। ‘কিং’ ছবিতে একসঙ্গে কাজ করছেন শাহরুখ ও অভিষেক। এই ছবি নিয়েও শাহরুখের সেই পুরনো মনোভাবই রয়ে গিয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালনা করছেন এই ছবি। এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখছেন শাহরুখ-কন্যা সুহানা খান। ‘কিং’-এ অভিষেক, শাহরুখ ও সুহানা ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অভয় বর্মা, জয়দীপ অহলাওয়াত এবং অরশদ ওয়ারসী। সম্প্রতি শোনা যাচ্ছে, করীনা কপূর খানের সঙ্গেও ফের পর্দায় দেখা যেতে পারে শাহরুখকে। ছবিতে তাঁর সঙ্গে একটি নাচের দৃশ্যে দেখা যাওয়ার কথা করীনাকে। আগামী ২৪ ডিসেম্বর বিশ্ব জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘কিং’-এর।

Abhishek Bachchan Shah Rukh Khan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy