নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলর ২’ দেখে খুশি রজনীকান্তের অনুরাগীরা। কিন্তু ছবি ঘিরে ক্ষোভ জমেছে মলয়ালম তারকা মোহনলালের অনুরাগীদের একাংশের মধ্যে। ছবির দৈর্ঘ্য কম হওয়া নিয়ে প্রথমে অসন্তোষ প্রকাশ করেছিলেন তাঁরা। পরে প্রিয় অভিনেতার বেশ কিছু দৃশ্য ছেঁটে ফেলা হয়েছে বলে অভিযোগ ওঠে। এরই মধ্যে ছড়িয়ে পড়ে আরও একটি জল্পনা— ছবির গুরুত্বপূর্ণ কয়েকটি দৃশ্যে নাকি মোহনলালের বদলে তাঁর ‘বডি ডবল’ ব্যবহার করা হয়েছে!
একের পর এক অভিযোগ মোহনলালের অনুরাগীদের। তারকার দৃশ্যে অকারণ কাঁচি চালানো হয়েছিল বলে অভিযোগ ওঠে প্রথমে। এ বার অভিযোগ, গুরুত্বপূর্ণ দৃশ্যে নাকি মোহনলালকে নয়, বরং তাঁর ‘বডি ডবল’ দেখানো হয়েছে! বিশেষ করে ক্লাইম্যাক্সের কাছাকাছি একটি দৃশ্য দেখে অনেকের দাবি, রজনীকান্তের পাশে হাঁটতে দেখা যাচ্ছে যে ব্যক্তিকে, তিনি মোহনলাল নন। অভিযোগ, ওই ব্যক্তি মোহনলালের ‘স্টান্ট ডবল’। এ বার সেই জল্পনায় ইতি টানলেন ছবির অ্যাকশন পরিচালক চেতন রামশি ডি’সুজ়া এবং মোহনলালের ‘স্ট্যান্ড-ইন’ জোবি কোডাকারা।
সম্প্রতি চিত্রগ্রাহক বিজয় কার্তিক কান্নানের সঙ্গে ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্ট করেন চেতন। ‘জেলর ২’-এ তাঁর কাজ পর্দায় এত সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য চিত্রগ্রাহককে ধন্যবাদ জানান তিনি। সেই পোস্টের নীচেই এক অনুরাগী প্রশ্ন করেন, “স্যার, দুটো বিষয়ে জানতে চাই। মোহনলাল স্যারের পরিচিতিমূলক দৃশ্যটি কেন ছোট করে দেওয়া হল? আশা করি, অন্য তারকাদের দৃশ্যও ছাঁটা হয়েছে। আর গাড়ির দৃশ্যটিতে কি মোহনলাল অভিনয় করেছেন, না কি তাঁর ডুপ্লিকেট? ওই দৃশ্যে উনি অভিনয় করেননি বলে শোনা যাচ্ছে।” প্রথম প্রশ্নটির উত্তর দেননি চেতন। তবে দ্বিতীয় প্রশ্নের জবাবে যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে তিনি লেখেন, “উনি নিজেই ছিলেন।”
অন্য দিকে, ‘জেলর ২’-এ মোহনলালের স্ট্যান্ড-ইন হিসাবে কাজ করেছেন বলে দাবি করা জোবিও স্পষ্ট করেছেন, ছবির কোন কোন দৃশ্যে তাঁকে ব্যবহার করা হয়েছিল। ‘জ্যাঙ্গো স্পেস’ ইউটিউব চ্যানেলে তিনি জানান, ছবিতে তাঁর অবদান বলতে কয়েকটি শট, যেখানে শুধু তাঁর হাত ও পায়ের অংশ দেখা গিয়েছে। ক্লাইম্যাক্সে মোহনলালের বদলে জোবি কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হয়েছিল বলে যে জল্পনা ছড়িয়েছে, তা আরও জোরাল হয় জোবির সমাজমাধ্যমে সেট থেকে কিছু ছবি পোস্ট করার পরে। সেই ছবিগুলিতে তাঁকে মোহনলালের মতোই পোশাকে দেখা গিয়েছিল।
যে দৃশ্যটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সেখানে একসঙ্গে দেখা গিয়েছে রজনীকান্ত, মোহনলাল, শিব রাজকুমার এবং জ্যাকী শ্রফকে। এ ছাড়াও মোহনলালের একটি একক দৃশ্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।
জোবির কথায়, “সত্যি বলতে, ছবিতে আমার অভিনীত মাত্র এক বা দু’টি শট ব্যবহার করা হয়েছে। সেখানে শুধু আমার হাত ও পায়ের কিছু অংশ দেখা যায়। ক্লাইম্যাক্সের বিমানবন্দরের দৃশ্যে সেগুলি রয়েছে। একটি শটে কাউকে গাড়ির গিয়ার বদলাতে দেখা যায়, অন্যটিতে অ্যাক্সিলারেটরে চাপ দিতে দেখা যায়।”
আরও পড়ুন:
তিনি আরও বলেন, “ওঁরা বিশ্বের অন্যতম সেরা অভিনেতা। সম্ভবত শুটিংয়ের সময় বা সময়ের অভাবের কারণেই আমাকে নেওয়া হয়েছিল। ছবির কোথাও আমার মুখ দেখানো হয়নি। ক্লাইম্যাক্সে যে মুখটি দেখা যাচ্ছে বলে অনেকে দাবি করছেন, সেটি আমার নয়। এই বিষয়ে আমি নিশ্চিত।” জোবির আরও দাবি, ছবির সেট থেকে ছবি পোস্ট করাটাই ছিল তাঁর একমাত্র ভুল।
‘জেলর ২’-এর গল্প অবসরপ্রাপ্ত জেলর টাইগার মুথুভেল পাণ্ডিয়ানকে ঘিরে। নিজের পরিবারকে মূর্তি পাচারকারীদের একটি চক্রের হাত থেকে রক্ষা করতে পুরনো ও নতুন বন্ধুদের সাহায্য নেয় সে। পাশাপাশি, ছেলের মৃত্যুর সত্য আড়াল করে স্বাভাবিক জীবনযাপনের চেষ্টাও করে সে। মুক্তির এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ছবিটি বিশ্ব জুড়ে ৫৪০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে।