নানা রংয়ের বেলুনে সাজানো ঘর, বিশেষ ভাবে তৈরি কেক আর হাসি-আনন্দের মুহূর্ত— সোমবার সন্ধ্যায় ঋতিকা গিরির জন্মদিন এ ভাবেই উদ্যাপন করলেন বিজেপি নেতা-অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। সেই উদ্যাপনের বিভিন্ন মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। ঋতিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর জীবনে সুখ, সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করেছেন হিরণ।
তবে এই জন্মদিনের ছবির সঙ্গে স্বাভাবিক ভাবেই ফিরে এসেছে তাঁদের সম্পর্ক ঘিরে পুরনো বিতর্কও। হিরণ ও ঋতিকার সম্পর্ক নিয়ে অতীতে কম আলোচনা হয়নি। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা সময়ে নানা জল্পনা তৈরি হয়েছে, সমাজমাধ্যমেও তা নিয়ে আলোচনা হয়েছে। সেই আবহেই এ বার ঋতিকার জন্মদিনে হিরণের প্রকাশ্য শুভেচ্ছা নতুন করে নজর কেড়েছে।
ঋতিকার জন্মদিনে হিরণ। ছবি: ফেসবুক।
রাজনীতি ও অভিনয়— দুই পরিচয়েই পরিচিত হিরণের ব্যক্তিগত জীবনও মাঝেমধ্যে উঠে এসেছে আলোচনার কেন্দ্রে। বিশেষ করে ঋতিকার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে নানা সময়ে প্রশ্ন উঠেছে। তাঁর প্রথম পক্ষের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ও একের পর এক অভিযোগ করেছিলেন অভিনেতার বিরুদ্ধে।
ঋতিকার কেক কাটার ছবি ছড়িয়ে পড়েছে সর্বত্র। ছবি: ফেসবুক।
তার মধ্যেই জন্মদিনের এই আয়োজন যেন সেই সম্পর্কের ছবিটাই আরও প্রকাশ্যে নিয়ে এল। বেলুনে সাজানো ঘর, কেক কাটা এবং একসঙ্গে কাটানো আনন্দের মুহূর্ত—সব মিলিয়ে উদ্যাপনে ছিল ব্যক্তিগত ছোঁয়া। আর হিরণের শুভেচ্ছাবার্তাতেও ছিল যথেষ্ট আন্তরিকতা। সমাজমাধ্যমে হিরণ লেখেন, “ঋতিকার জন্মদিন উদ্যাপন করলাম গতকাল। অনেক বিশেষ মুহূর্ত তৈরি হল। শুভ জন্মদিন ঋতিকা। আগামীর শুভেচ্ছা। ভাল থাকো, সুস্থ থাকো।” এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কম-এর তরফে হিরণ এবং ঋতিকা, দু’জনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু কোনও উত্তর মেলেনি।