Advertisement
E-Paper

এখনই ভারত ছাড়তে হচ্ছে না ইমরান খানকে! আমির খানের ভাগ্নেকে নিয়ে কী জানাল বম্বে হাই কোর্ট?

নির্দেশ অনুযায়ী ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার কথা ছিল অভিনেতার। তবে মঙ্গলবার বম্বে হাই কোর্টের তরফে জানানো হল, ওই দিন ইমরানকে ভারত ছাড়তে হবে না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ১৭:১৩
ইমরানকে বুধবারই ছাড়তে হচ্ছে না দেশ!

ইমরানকে বুধবারই ছাড়তে হচ্ছে না দেশ! ছবি: সংগৃহীত।

বিদেশি নাগরিক হয়ে এ দেশের রাজনৈতিক প্রতিবাদে যোগ দেওয়ার অভিযোগে বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী, ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার কথা ছিল অভিনেতার। তবে মঙ্গলবার বম্বে হাই কোর্টের তরফে জানানো হল, ওই দিন ইমরানকে ভারত ছাড়তে হবে না। মামলার পরবর্তী শুনানি ২ নভেম্বর।

মঙ্গলবার প্রধান বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠী এবং বিচারপতি অদ্বৈত সেঠনার ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। ইমরানের আইনজীবী বেঙ্কটেশ ধোন্ড আদালতে জানান, বিষয়টি জরুরিভিত্তিতে শোনা প্রয়োজন। কারণ, বুধবারের মধ্যেই দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিনেতাকে।

অন্য দিকে, কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল সিংহ আদালতে জানান, মামলাটি নিয়ে প্রয়োজনীয় নির্দেশ পাওয়ার জন্য তাঁরা সময় চাইছেন। তাঁর কথায়, “আমরা আশ্বাস দিচ্ছি, কারণ আমরা শুধু সময় চাইছি।” এর পরেই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে আদালত।

মুম্বইয়ের বিদেশি নাগরিক নথিভুক্তকরণ দফতরের পাঠানো নোটিসে বলা হয়েছিল, ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়তে হবে ইমরানকে। মার্কিন নাগরিক ইমরানের কাছে ভারতের ‘ওভারসিজ় সিটিজ়েন অফ ইন্ডিয়া’ বা ওসিআই কার্ড রয়েছে। রাজনৈতিক প্রতিবাদে যোগ দেওয়ার অভিযোগেই তাঁকে এই নির্দেশ দেওয়া হয়েছিল।

গত ১৭ অক্টোবর এই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন অভিনেতা। ইমরানের দাবি, ২০২৫ সালের অভিবাসন ও বিদেশি নাগরিক সংক্রান্ত আইন কিংবা নাগরিকত্ব আইন, কোনওটিই তিনি লঙ্ঘন করেননি। তিনি আরও জানিয়েছিলেন, কোন আইনের কোন ধারায় তিনি অপরাধ করেছেন, নোটিসে তা স্পষ্ট করে জানানো হয়নি।

গত ১০ অক্টোবর মুম্বইয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একটি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার অভিযোগ ওঠে ইমরানের বিরুদ্ধে। তার পরেই তিনি এই আইনি জটিলতায় জড়িয়ে পড়েন।

Imran Khan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy