সলমন খানের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তিনি যেখানেই যান, তাঁকে ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো থাকে। বৃহস্পতিবার, ১ অক্টোবর মুম্বইয়ে অভিনেতা বীর পাহাড়িয়ার ‘প্রেম কীটানু’ ছবির বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছিলেন সলমন। সেখানকার একটি ভিডিয়ো এখন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, অভিনেতার কাছাকাছি চলে যাওয়ায় এক অনুরাগীকে টেনে সরিয়ে দিচ্ছেন তাঁর দেহরক্ষী।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, লাল গালিচায় দাঁড়িয়ে ছবিশিকারিদের সামনে পোজ় দেওয়ার আগে অনুপ সোনীকে জড়িয়ে ধরছেন সলমন। সেই সময়ই এক ভক্ত সলমনের কাছে এগিয়ে আসেন। সম্ভবত প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করে কেবল তাঁকে অভিবাদন জানানোরই চেষ্টা করছিলেন তিনি। কিন্তু মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সলমনের এক দেহরক্ষী ওই ভক্তের হাত ধরে তাঁকে অভিনেতার কাছ থেকে টেনে সরিয়ে নিয়ে যান।
ওই মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। একাংশের বক্তব্য, তারকাদের নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য নিরাপত্তারক্ষীদের দায়িত্ব পালন করতে এমন আচরণ করতেই হয়। তবে অনেকেই মনে করছেন, ওই অনুরাগীকে খানিক সম্মানের সঙ্গেও সরানো যেত। এক নেটাগরিক লিখেছেন, “নিরাপত্তা বজায় রাখা অবশ্যই দরকার, কিন্তু যে ভাবে ওই অনুরাগীকে টেনে সরানো হয়েছে, তা ঠিক নয়।” অন্য এক জনের মন্তব্য, “প্রত্যেক ভক্তই সম্মান পাওয়ার যোগ্য।” আর এক জন লিখেছেন, “ওকে টেনে সরানোর বিষয়টা ভাল লাগেনি।” এক জনের মত, “এটা ঠিক নয়, ভাই।” অন্য এক জনের মন্তব্য, “কোনও অনুরাগীর সঙ্গে এ ভাবে আচরণ করা উচিত নয়।”
আরও পড়ুন:
নিরাপত্তারক্ষীদের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এক নেটাগরিক লেখেন, “এটা কী ধরনের অভব্যতা? অভিনেতা বা তারকা হলেই কি এমন আচরণ করা যায়?” আর এক জন বলছেন, “তারকারা যেমন মানুষ, তাঁদের ভক্তরাও তেমনই মানুষ।” এই বিষয়ে সলমন নিজে অবশ্য এখনও কোনও মন্তব্য করেননি।
কাজের ক্ষেত্রে সলমনের হাতে রয়েছে একাধিক ছবি। ‘মাতৃভূমি’ মুক্তি পাওয়ার কথা চলতি বছরে। তা ছাড়া ২০২৭ সালের ইদেও তাঁর একটি ছবি মুক্তি পাওয়ার কথা। আপাতত তিনি ‘বিগ বস্ ২০’-র স়ঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন।