Advertisement
E-Paper

কর্ণের সঙ্গে বাগ্‌দান ভাঙছে জিয়ার? ‘গুজব ছড়াবেন না’, দীর্ঘ জল্পনার পরে মুখ খুললেন অভিনেত্রী

চলতি বছরের ৫ অগস্ট কর্ণ ধনকের সঙ্গে বাগ্‌দানের কথা ঘোষণা করেছিলেন জিয়া শঙ্কর। সেই সম্পর্ক কি ভাঙছে? কী বললেন অভিনেত্রী?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ১৬:০৭
অগস্টে বাগ্‌দান সারেন জিয়া-কর্ণ।

অগস্টে বাগ্‌দান সারেন জিয়া-কর্ণ। ছবি: সংগৃহীত।

কর্ণ ধনক ওরফে কেডি-র সঙ্গে বাগ্‌দান ভেঙে গিয়েছে কি না, তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছিল। সমাজমাধ্যমে জিয়া শঙ্করের সাম্প্রতিক কিছু পোস্ট এবং তাঁর কার্যকলাপে পরিবর্তন লক্ষ করে নানা প্রশ্ন তুলতে শুরু করেছিলেন অনুরাগীরা। অবশেষে সেই জল্পনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

সম্পর্ক ভেঙে যাওয়ার খবর নিশ্চিত করেননি জিয়া। আবার সব ঠিক রয়েছে, এমন কথাও জানাননি তিনি। বরং সমাজমাধ্যমে তাঁর পোস্ট দেখে ব্যক্তিগত জীবন নিয়ে কোনও সিদ্ধান্তে না পৌঁছোনোর অনুরোধ জানিয়েছেন অনুরাগীদের। একটি বিবৃতিতে জিয়া লেখেন, “একটি বিষয় স্পষ্ট করে জানাতে চাই। আমি প্রকাশ্যে আমার ব্যক্তিগত জীবন নিয়ে যা যা বলেছি, আর যা যা অনুমানের ভিত্তিতে ছড়ানো হচ্ছে, দুয়ের মধ্যে আকাশ-পাতাল তফাত রয়েছে। সীমা অতিক্রম করেছে।”

তাঁর সম্পর্ক নিয়ে কোনও তত্ত্ব বা গুজব ছড়াতে বারণ করেন অভিনেত্রী। তাঁর কথায়, “আমার সম্পর্ক নিয়ে দয়া করে অনুমান করবেন না বা কোনও গুজব ছড়াবেন না।” সংক্ষিপ্ত বিবৃতিতে বাগ্‌দানের বর্তমান অবস্থা নিয়ে আর কোনও তথ্য দেননি জিয়া। শেষে তিনি লেখেন, “কিছু বিষয় ব্যক্তিগত। আশা করি, সবাই সেই গোপনীয়তাকে সম্মান করবেন।”

চলতি বছরের ২৯ অক্টোবর থেকে জিয়া ও কর্ণের সম্পর্ক নিয়ে জল্পনা বাড়তে শুরু করে। অনুরাগীদের নজরে আসে, অভিনেত্রী এমন কিছু পোস্ট ও রিল তুলে ধরেছেন তাঁর সমাজমাধ্যমের পাতায়, যার বিষয়বস্তু মন ভাঙা, বিশ্বাসঘাতকতা এবং মানসিক যন্ত্রণাকে ঘিরে। সেই পোস্টগুলির কয়েকটি দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

একটি পোস্টে লেখা ছিল, “দু’টি বিষয় আমি নিশ্চিত ভাবে জানি— প্রার্থনায় কাজ হয় এবং সময়ের সঙ্গে পরিস্থিতি বদলায়।” অন্য একটি পোস্টে বলা হয়েছিল, “কিছু কিছু রাতে আমি আর সেরে উঠতে চাই না। বরং চাই, মহাবিশ্ব স্বীকার করুক যে আমার সঙ্গে যা ঘটেছে, তা নিষ্ঠুর ছিল।” একই সময়ে অনুরাগীরা লক্ষ করেন, ইনস্টাগ্রামে কর্ণকে আর অনুসরণ করছেন না জিয়া।

এর পরেই প্রশ্ন উঠতে শুরু করে, তা হলে কি বাগ্‌দান ভেঙে দিয়েছে এই জুটি? ৩০ অক্টোবর জিয়ার শেয়ার করা পোস্টগুলির স্ক্রিনশট আরও বেশি করে ছড়িয়ে পড়লে জল্পনা তীব্র হয়। অনেক অনুরাগী উদ্বেগ প্রকাশ করেন। কেউ কেউ অভিনেত্রীর পোস্টের সঙ্গে কর্ণের সম্পর্কের যোগসূত্র খোঁজার চেষ্টা করেন।

তবে জিয়ার বিবৃতি থেকে স্পষ্ট, প্রকাশ্যে তিনি যা ভাগ করে নিয়েছেন, তার ভিত্তিতে ব্যক্তিগত জীবন নিয়ে কোনও অনুমান চান না অভিনেত্রী। বাগ্‌দান ভেঙে যাওয়ার কথা তিনি জানাননি। আবার সম্পর্কের পরিস্থিতি আগের মতোই রয়েছে, এমন কথাও বলেননি। আপাতত বিষয়টি ব্যক্তিগত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এবং গুজব ছড়ানো বন্ধ করার অনুরোধ জানিয়েছেন।

চলতি বছরের ৫ অগস্ট কর্ণের সঙ্গে বাগ্‌দানের কথা ঘোষণা করেছিলেন জিয়া। সূর্যাস্তের সময় এক ঘরোয়া মুহূর্তের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। ছবিতে দেখা গিয়েছিল, হাঁটু মুড়ে বসে জিয়াকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন কর্ণ। সেই পোস্টে নজর কেড়েছিল জিয়ার আঙুলে হিরের আংটিও।

আমেরিকায় বসবাসকারী উদ্যোগপতি কারণ, বাগ্‌দানের খবর প্রকাশ্যে আসার আগে জিয়ার পেশাগত জীবনের পরিসর থেকে বেশ দূরেই ছিলেন। বাগ্‌দানের ঘোষণার তিন মাস কাটার আগেই শুরু হল সম্পর্ক নিয়ে জল্পনা।

তবে সমাজমাধ্যমে নানা আলোচনা চললেও পরিস্থিতি নিয়ে নতুন করে কিছু জানাননি জিয়া। ব্যক্তিগত জীবনকে ঘিরে জল্পনা না ছড়িয়ে তাঁর গোপনীয়তাকে সম্মান করারই আর্জি জানিয়েছেন অভিনেত্রী।

Engagement

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy