Advertisement
E-Paper

‘চক দে ইন্ডিয়া’ ও ‘অপারেশন সফেদ সাগর’-এর প্রস্তাব ফিরিয়ে এখন আফসোস হয় নেহা ধূপিয়ার!

নিজের অনুষ্ঠান ‘ডবল ডেট’-এ একটি বোর্ড গেম খেলার সময় এই কথা জানান নেহা ধূপিয়া। কী কারণে দুই ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন অভিনেত্রী?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ ০৯:০৯
নেহা ধূপিয়া।

নেহা ধূপিয়া। ফাইল ছবি।

কিছু সিদ্ধান্তের জন্য কি আজও আফসোস হয়? অভিনেত্রী নেহা ধূপিয়ার কথায়, কেরিয়ারের দিকে ফিরে তাকালে এমন দু’টি ছবির কথা মনে পড়ে, যেগুলিতে অভিনয়ের সুযোগ পেয়েও তা ফিরিয়ে দিয়েছিলেন তিনি। একটি, শাহরুখ খান অভিনীত ২০০৭ সালের জনপ্রিয় স্পোর্টস ড্রামা ‘চক দে ইন্ডিয়া’। দ্বিতীয়টি হল, সমালোচকদের দ্বারা প্রশংসিত ওয়েব সিরিজ় ‘অপারেশন সফেদ সাগর’। এই দুই কাজ করতে না পারার জন্য আক্ষেপ রয়ে গিয়েছে অভিনেত্রীর মনে।

নিজের অনুষ্ঠান ‘ডবল ডেট’-এ একটি বোর্ড গেম খেলার সময় এই কথা জানান নেহা। তিনি বলেন, যে ধরনের ছবিতে অভিনয় করার ইচ্ছা বরাবরই ছিল, সেই ঘরানার দু’টি বড় সুযোগ পেয়েও হাতছাড়া করেছিলেন তিনি। কেরিয়ারের দিকে ফিরে তাকালে সেই সিদ্ধান্তগুলির কথা এখনও মনে পড়ে তাঁর। নেহার কথায়, “কখনও কখনও ফিরিয়ে দেওয়া কাজগুলির কথা ভাবলে বুঝতে পারি যে, কী কী সুযোগ হাতছাড়া হয়েছে। ‘চক দে ইন্ডিয়া’ এবং ‘অপারেশন সফেদ সাগর’ তেমনই দু’টি সুযোগ, যেগুলির কথা এখনও মনে রয়েছে। আমি বরাবরই একটি ভাল স্পোর্টস ফিল্ম এবং একটি ভাল মিলিটারি ফিল্মে কাজ করতে চেয়েছিলাম। কিন্তু এই দু’টি বড় সুযোগই হাতছাড়া করেছি।” তবে ঠিক কী কারণে দুই ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন অভিনেত্রী, তা খোলসা করেননি।

২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘চক দে ইন্ডিয়া’। যশরাজ ফিল্মস প্রযোজিত এই স্পোর্টস ড্রামায় কবীর খানের চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। ছবিতে তিনি ভারতের পুরুষ হকি দলের প্রাক্তন অধিনায়ক, যিনি পরে জাতীয় মহিলা হকি দলের কোচের দায়িত্ব নেন। ছবিতে শাহরুখের পাশাপাশি অভিনয় করেছিলেন বিদ্যা মালওয়ড়ে, শিল্পা শুক্ল, সাগরিকা ঘাটগে-সহ আরও অনেকে। অন্য দিকে, ২০২৬ সালে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘অপারেশন সফেদ সাগর: দি আনটোল্ড স্টোরি অফ দ্য কার্গিল ওয়ার’। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে ভারতীয় বায়ুসেনার ভূমিকা থেকে অনুপ্রাণিত ছয় পর্বের এই সিরিজ়ে দেখানো হয়েছে ‘গোল্ডেন অ্যারোজ়’ স্কোয়াড্রনের পাইলটদের বিপজ্জনক যুদ্ধ অভিযান। সিরিজ়ে অভিনয় করেছেন সিদ্ধার্থ, জিমি শেরগিল, অভয় বর্মা, দীয়া মির্জ়া-সহ একাধিক অভিনেতা।

২০০৩ সালে ‘কয়ামত: সিটি আন্ডার থ্রেট’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন নেহা। পরে ‘জুলি’, ‘কেয়া কুল হ্যায় হম’, ‘সিং ইজ় কিং’ এবং ‘তুমহারী সুলু’-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। বড়পর্দার পাশাপাশি টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমেও কাজ করেছেন নেহা। ২০২৬ সালের মে মাসে স্বামী অঙ্গদ বেদীর সঙ্গে ইউটিউবে সেলিব্রিটি চ্যাট শো ‘ডবল ডেট’ শুরু করেন অভিনেত্রী।

Neha Dhupia Chak De India

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy