একের পর এক শোকবার্তা চলচ্চিত্রজগতে। সদ্য মাকে হারিয়েছেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। সেই খবরের রেশ কাটতে না কাটতে বাবা শৈলেন রায়কে হারানোর কথা জানালেন অভিনেত্রী শতাব্দী রায়। গত সপ্তাহে ঘটেছে এই ঘটনা। এখনও সে ভাবে কথা বলার অবস্থায় নেই তিনি।
আনন্দবাজার ডট কম-কে শতাব্দী বললেন, “সকলের মা-বাবাই তাঁদের কাছে প্রিয় হন। কিন্তু, আমার বাবা তো সারাক্ষণ আমার সঙ্গে থাকতেন। যেখানে শুটিং করতে গিয়েছি, সঙ্গে বাবাকে পেয়েছি। তাই এখনও বাবা না থাকার বিষয়টা মেনেই নিতে পারছি না।”
বাবার মৃত্যুসংবাদ জানিয়েছেন অভিনেত্রী শতাব্দী। ছবি: সংগৃহীত।
মৃত্যুকালে অভিনেত্রীর বাবার বয়স হয়েছিল ৮৭। শতাব্দী জানিয়েছেন, তাঁর বাবা একেবারে সুস্থ ছিলেন। কোনও সমস্যাই ছিল না। তিনি যোগ করেন, “সুগার, প্রেশার কিছু ছিল না বাবার। কিন্তু ১৫ দিনে যে, কী থেকে কী হয়ে গেল ভাবতেই পারছি না। শরীরে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা কমে গিয়েছিল। তাই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বাবাকে। সেখান থেকেই ধরা পড়ে ফুসফুসের ক্যানসার।”
অভিনেত্রীর কথায়, খুব বেশি দিন বাবাকে কষ্ট পেতে হয়নি, এটাই একমাত্র শান্তির। কিন্তু বাবা আর নেই, তা মেনে নিতে পারছেন না অভিনেত্রী। ১৫ দিন হাসপাতালে ছিলেন তাঁর বাবা। শেষরক্ষা হয়নি। আপাতত পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন শতাব্দী এবং তাঁর পরিবার।