সহ-অভিনেতারা নিরাপত্তাহীনতায় ভুগলে তা ভাল ভাবে নেন না শাহনাজ় গিল। এমন কারও সঙ্গে পেশাগত কাজ শেষ হয়ে গেলে দূরত্ব বজায় রাখতেই পছন্দ করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজের ধরন এবং সহ-অভিনেতাদের সঙ্গে সম্পর্ক নিয়ে এমনই মন্তব্য করলেন অভিনেত্রী।
সাক্ষাৎকারে শাহনাজ়কে প্রশ্ন করা হয়, কোনও সহ-অভিনেতা তাঁকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগলে তিনি কী ভাবে পরিস্থিতি সামলান। উত্তরে অভিনেত্রী বলেন, “আমাকে নিয়ে কেউ নিরাপত্তাহীনতায় ভুগলে, আমি তার থেকে অনেক দূরেই থাকি।” পেশাদার হিসাবে শুধু কাজটাই করেন তিনি। শাহনাজ়ের কথায়, “তখন শুধু অভিনয়টুকুই করি। অভিনয়ের বাইরে আর কোনও সম্পর্ক রাখি না।”
‘বিগ বস্ ১৩’ থেকে জনপ্রিয়তা পেয়েছিলেন শাহনাজ়।
তবে সব সহ-অভিনেতার সঙ্গে যে তাঁর এমন অভিজ্ঞতা হয়েছে, তা নয়। গিপ্পি গ্রেবালের সঙ্গে ‘সিংহ ভার্সেস কৌর ২’ ছবিতে কাজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে শাহনাজ় জানান, তাঁরা দু’জনেই একে অপরকে সব সময় সাহায্য করেছেন। এমনকি, ভবিষ্যতে কী ভাবে নিজেদের কর্মজীবনে এগিয়ে যাওয়া যায়, তা নিয়েও পরস্পরের পরামর্শ নিয়েছেন।
আরও পড়ুন:
সহ-অভিনেতাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হলে তার প্রভাব শুধু ব্যক্তিগত সম্পর্কে সীমাবদ্ধ থাকে না বলেও মনে করেন শাহনাজ়। তাঁর মতে, “যেখানে এই নিরাপত্তাহীনতা তৈরি হয় বা পরিবেশ নষ্ট হয়ে যায়, সেখানে তার প্রভাব পড়ে ছবির কাজের উপরেও।”
শাহনাজ়ের অভিনয়জীবনের শুরু অবশ্য বড় পর্দায় নয়। ২০১৫ সালে পঞ্জাবি গানের ভিডিয়োয় তাঁকে দেখা গিয়েছিল। ২০১৭ সালে ‘সৎ শ্রীয়াকাল ইংল্যান্ড’ ছবির মাধ্যমে অভিনয়ে পা রাখেন। এর পরে একাধিক পঞ্জাবি ছবিতে অভিনয় করেন তিনি। তবে ২০১৯ সালে ‘বিগ বস্ ১৩’-তে যোগ দেওয়ার পরেই সারা দেশে পরিচিতি পান শাহনাজ়। তাঁর সহজ, অকপট স্বভাব দর্শকদের মনে জায়গা করে নেয়। সেই অনুষ্ঠানে তৃতীয় স্থানাধিকারী হয়েছিলেন তিনি। এর পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ২০২৩ সালে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে হিন্দি ছবিতে পা রাখেন শাহনাজ়। ‘ইক্ কুড়ি’ ছবির মাধ্যমে প্রযোজনার কাজেও হাতেখড়ি হয়েছে অভিনেত্রীর।