Advertisement
E-Paper

‘আমিরকে বিয়ে করার জন্য মেয়েরা পাগল ছিল’, কোন প্রসঙ্গে তারকাকে নিয়ে এমন মন্তব্য সোনালি কুলকর্ণীর?

‘দিল চাহতা হ্যায়’ ছবিতে সোনালি তাঁর সহ-অভিনেতা সইফ ও আমিরের প্রসঙ্গ তোলেন। তাঁর মতে, দু’জনেই বয়সের সঙ্গে আরও কঠিন ও বৈচিত্রময় চরিত্রে অভিনয় করছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫১
আমিরকে নিয়ে আর কী বললেন সোনালি?

আমিরকে নিয়ে আর কী বললেন সোনালি? ছবি: সংগৃহীত।

‘ভারত’ ছবিতে সলমন খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন সোনালি কুলকর্ণী। মজার বিষয়, বাস্তবে তিনি সলমনের চেয়েও বয়সে ছোট। সম্প্রতি তাঁকে প্রশ্ন করা হয়, পুরুষ অভিনেতারা দীর্ঘ দিন তরুণ নায়কের চরিত্রে অভিনয় করলেও মহিলাদের ক্ষেত্রে তা হয় না কেন? জবাবে সোনালি জানান, সময় বদলেছে। এখন অনেক পুরুষ অভিনেতাই তাঁদের চিরাচরিত নায়কের ভাবমূর্তি থেকে বেরিয়ে আসছেন। উদাহরণ হিসাবে আমির খান ও সইফ অলী খানের নাম উল্লেখ করেন তিনি।

একসময় বিয়ের পরে অভিনেত্রীদের নায়িকার চরিত্র পাওয়া কঠিন হয়ে যেত। সেই প্রসঙ্গ টেনে সোনালি বলেন, “একটা সময়ে আমরা আলোচনা করতাম, বিয়ের পরে মহিলারা নায়িকার চরিত্র পান না। এখন কি সেই আলোচনা শুনতে পান? না। কারণ দর্শক প্রমাণ করে দিয়েছেন, নায়কেরা যেমন বিয়ে করতে পারেন, নায়িকারাও পারেন। তাঁরা সন্তানের জন্ম দিতে পারেন। তাঁদেরও পরিবার থাকতে পারে।”

সোনালির বক্তব্য, এখন গোটা বিশ্বের নানা প্রান্তের ছবি, সিরিজ় দর্শক দেখতে পাচ্ছেন। প্রতিভা দেখানোর জন্য রয়েছে নানা মাধ্যম। ফলে অভিনেত্রীরা বয়সের সঙ্গে নানা ধরনের চরিত্রও পাচ্ছেন। তাই তেমন অভিযোগ করারও কোনও কারণ নেই। সোনালি বলেন, “যাঁরা শুধু নায়ক হয়েই থাকতে চান, তাঁদের জন্য আমার খারাপ লাগে। আজ কোনও অভিনেতাই এতটা সংকীর্ণ মানসিকতার নন। পুরুষ হোন বা মহিলা, প্রত্যেকেই নিজের প্রতিভা নিয়ে পরীক্ষা করতে চান।’’

‘দঙ্গল’ ছবিটি নিয়েও কথা বলেন সোনালি।

‘দঙ্গল’ ছবিটি নিয়েও কথা বলেন সোনালি।

এর পরেই ‘দিল চাহতা হ্যায়’ ছবিতে তাঁর সহ-অভিনেতা সইফ ও আমিরের প্রসঙ্গ তোলেন সোনালি। তাঁর মতে, দু’জনেই বয়সের সঙ্গে আরও কঠিন ও বৈচিত্রময় চরিত্রে অভিনয় করছেন। সইফ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমাদের এত প্রতিভাবান অভিনেতা রয়েছেন। আমার মনে হয় না, কোনও অভিনেতা এখন বলবেন যে, তিনি শুধু তরুণ রূপে নিজেকে দেখতে চান। সইফ অলী খানের কথাই ধরুন। তিনি বয়সের সঙ্গে আরও পরিণত হচ্ছেন। নিজের বয়স নিয়ে তাঁর ভয় নেই। বরং তরুণ সন্তানের বাবা, যে প্রেমেও পড়ছে, এমন চরিত্রে অভিনয় করতেও তিনি পিছপা নন।”

আমির খানের প্রসঙ্গে আরও উচ্ছ্বসিত সোনালি। ‘দঙ্গল’-এর কথা তুলে তিনি বলেন, “আমির খান পরীক্ষানিরীক্ষার অন্যতম বড় উদাহরণ। ‘দঙ্গল’-এ তিনি যা করেছেন, তা করার সাহস অনেকেরই নেই। যে আমির খানের পোস্টার দেখে মেয়েরা পাগল হয়ে যেত, তাঁকে বিয়ে করার স্বপ্ন দেখত, সেই আমিরই কোনও কৃত্রিম সাজসজ্জা ছাড়াই তিন-চার মেয়ের বাবার চরিত্রে নিজেকে তুলে ধরেছেন।” সোনালির মতে, ভাল অভিনেতারা এখন আর বয়স কম দেখানোর প্রতিযোগিতায় নেই।

Sonali Kulkarni Aamir Khan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy