গত কয়েক দিন ধরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা। প্রযোজক তথা সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় জানিয়েছিলেন যে, বিষাক্ত মাকড়সার কামড় থেকে গুরুতর সংক্রমণ ঘটেছে রাজেশের শরীরে। যদিও অভিনেতার আপ্তসহায়ক শুভাশিস পাণ্ডা জানিয়েছেন যে, এমন কিছুই হয়নি। এ বার রাজেশের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন অক্ষয় কুমার।
আরও পড়ুন:
অক্ষয় ও রাজেশ একসঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন। রাজেশ অসুস্থ জানতে পেরে অক্ষয় লেখেন, ‘‘শুটিংয়ের সময়ে পোকার কামড়ে আমার ঘনিষ্ঠ বন্ধু রাজেশ আক্রান্ত শুনে খুবই উদ্বেগে আছি। আশা করব, ঈশ্বর ওকে দ্রুত ও সম্পূর্ণ সুস্থ করে দেবেন। জলদি সুস্থ হয়ে ওঠ ভাই, এখনও একসঙ্গে বসে অনেক মজা করা বাকি আছে।’’
অন্য দিকে, পোকা কামড়ানোর কথা নস্যাৎ করে রাজেশের আপ্তসহায়ক জানান জানান যে, ভুল তথ্য ছড়িয়েছে। হায়দরাবাদে শুটিং করার সময়ে কোনও কিছু ঘটেনি। অভিনেতা হায়দরাবাদ থেকে বৃহস্পতিবার কলকাতায় ফেরেন। রবিবার থেকে আচমকাই রাজেশের পায়ে সংক্রমণ হয়। সেটা কোনও পোকার কামড়ে হয়নি। বরং, সবটাই হয়েছে হাই সুগার থেকে। ব্লাডসুগার থাকলে এমনিই সংক্রমণ তাড়াতাড়ি ছড়ায়। শুভাশিসের কথায়, ‘‘পা চুলকোতে গিয়ে সমস্যার সূত্রপাত। যা সমস্যা হওয়ার ত্বকেই হয়েছে। শরীরের ভিতরে কোনও সংক্রমণ ছড়ায়নি। ভুল তথ্যের জেরে সবাই খুবই উদ্গ্রীব হয়ে পড়েছেন।” আগের চেয়ে এখন অভিনেতা অনেকটাই ভাল আছেন বলে খবর।