Advertisement
E-Paper

আলিয়ার সঙ্গে নিজস্বী তোলার চেষ্টা, ধাক্কা দিয়ে অনুরাগীকে সরিয়ে দিলেন দেহরক্ষী! ভিডিয়ো ছড়াতেই বিতর্ক

প্রায়ই দেখা যায়, প্রিয় তারকাকে হাতের নাগালে পেয়ে ছেঁকে ধরেছেন অনুরাগীরা। সবসময় সেই মুহূর্ত সুখকর হয় না। এ বার অনুরাগীদের ভিড়ে আলিয়া ভট্ট। প্রবল ভিড়ে নাজেহাল অবস্থা না হলেও ছড়িয়েছে তাঁর দেহরক্ষীর প্রতিক্রিয়ার ভিডিয়ো। আলোচনা শুরু সমাজমাধ্যমে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭
আলিয়ার সঙ্গে ছবি তুলতে বাধা দেহরক্ষীর।

আলিয়ার সঙ্গে ছবি তুলতে বাধা দেহরক্ষীর। ছবি: সংগৃহীত।

নিজের প্রযোজনা সংস্থার নতুন ছবি ‘ডোন্ট বি শাই’-এর প্রচার-ঝলক মুক্তির অনুষ্ঠানে শুক্রবার উপস্থিত ছিলেন অভিনেত্রী আলিয়া ভট্ট। ছবিটি মুক্তি পাবে অ্যামাজ়ন প্রাইমে। অনুষ্ঠানের শেষে বেরিয়ে আসার সময় আলিয়াকে ঘিরে ভিড় করেন অনুরাগীরা। অনেকেই তাঁর সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন। আলিয়া শান্ত ভাবেই অনুরাগীদের সঙ্গে ছবি তুললেও, একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পরে শুরু হয়েছে বিতর্ক।

এই মুহূর্তে ছড়িয়ে পড়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, আলিয়ার সঙ্গে নিজস্বী তোলার চেষ্টা করছেন এক অনুরাগী। সেই সময় অভিনেত্রীর দেহরক্ষী একপ্রকার ধাক্কা দিয়েই ওই ব্যক্তিকে সরিয়ে দেন। পরে ওই অনুরাগী আবার নিজস্বী তোলার চেষ্টা করলে তাঁকে আবার আলিয়ার কাছ থেকে দূরে সরিয়ে দেন দেহরক্ষী। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর আলিয়ার দেহরক্ষীর আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক জন মন্তব্য করেছেন, “ছবি তোলার জন্য গিয়ে নিজের অপমান করানোর কী দরকার?” অন্য এক নেটাগরিকের বক্তব্য, “অনুরাগীরাই তো তারকাদের জনপ্রিয়তা তৈরি করেন। অনুরাগী না থাকলে তারকারাও কিছুই নন।” আর এক জন অবশ্য প্রশ্ন তুলেছেন, “মানুষ কেন সিনেমার নায়ক-নায়িকাদের সঙ্গে ছবি তোলার জন্য এত মরিয়া হয়ে ওঠেন?”

তবে এই ঘটনার সময় আলিয়াকে কোনও প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি। সাধারণত অনেক তারকাই অনুরাগীদের সঙ্গে এমন আচরণ না করার জন্য নিজেদের দেহরক্ষীদের নির্দেশ দেন। কিন্তু ছড়িয়ে পড়া ভিডিয়োয় আলিয়া দেহরক্ষীর আচরণে কোনও প্রতিক্রিয়া জানিয়েছেন কি না, তা স্পষ্ট নয়। তবে এ-ও ঠিক, বিগত কয়েক মাস ধরেই অনুরাগীদের ভিড়ে তারকাদের নিরাপত্তাও নিয়ে প্রশ্ন উঠেছে। এমন একাধিক ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সাম্প্রতিককালে, যেখানে দেখা গিয়েছে ভিড়ে ঠাসা অনুরাগীদের উপচে পড়া উচ্ছ্বাসে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তারকাদের। কারও পোশাক ছিঁড়েছে, কেউ সহ-অভিনেতার সহায়তায় গাড়ি পর্যন্ত পৌঁছেছেন। ফলে এমন পরিস্থিতিতে কার প্রতিক্রিয়া সঠিক, সে নিয়ে ধন্দ থেকেই যায়।

আলিয়ার প্রযোজিত ‘ডোন্ট বি শাই’ ছবিটি আগামী ২৫ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা। শুক্রবার ছবির ঝলক প্রকাশ্যে এসেছে এবং দর্শকের কাছ থেকে মোটামুটি ভাল সাড়াও মিলেছে। অন্য দিকে, অভিনেত্রী হিসাবে আলিয়াকে পরবর্তী সময়ে ‘লভ অ্যান্ড ওয়র’ ছবিতে দেখা যাবে। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন রণবীর কপূর এবং ভিকি কৌশল। সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত ছবিটি ২০২৭ সালের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

Alia Bhatt

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy