১৭ জুলাই বিশ্ব জুড়ে মুক্তি পাবে পরিচালক ক্রিস্টোফার নোলান পরিচালিত ছবি ‘ওডিসি’। তার আগেই মুম্বইয়ে জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হল ছবির বিশেষ প্রদর্শনী। উপস্থিত ছিলেন পরিচালক স্বয়ং। সঙ্গে ছিলেন ছবির দুই মুখ্য অভিনেতা টম হল্যান্ড এবং ম্যাট ডেমন।
এর আগেও ভারতে এসেছেন পরিচালক। কিন্তু ছবির প্রদর্শনের জন্য এ দেশে আসা এই প্রথম। নিজের অনুভূতি ভাগ করে নিলেন পরিচালক। আর প্রথম বার সামনে থেকে নোলানকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন দর্শকেরাও।
বিশেষ প্রদর্শনীতে আবেগপ্রবণ পরিচালক। ছবি:সংগৃহীত।
ছবি শেষ হওয়ার পরে দর্শকের উদ্দেশে নোলান বলেন, ‘‘আপনারাই বিশ্বের প্রথম দর্শক যাঁরা ‘দ্য ওডিসি’ দেখলেন। এমন উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ। ভারতে আসা সবসময়েই আমাদের কাছে বিশেষ।’’
সকলের সামনে কাজের কথাও তুলে ধরেন পরিচালক। জানান, এর আগে দু’বার ভারতে শুটিং করেছেন তিনি— এক বার জোধপুরে, অন্য বার মুম্বইয়ে। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে নোলান বলেন, ‘‘প্রতি বারই ভারতে এলে এক আলাদা অনুভূতি হয়।’’ দর্শকের প্রতিক্রিয়া জানতেও আগ্রহী ছিলেন পরিচালক। ছবি কেমন লেগেছে, সেই প্রশ্ন ছুড়ে দিতেই প্রেক্ষাগৃহ জুড়ে করতালি ও উচ্ছ্বাস।
আরও পড়ুন:
ভারতীয় দর্শকের প্রশংসায় পঞ্চমুখ টম হল্যান্ডও। তাঁর কথায়, ‘‘ভারতে এলে সবসময় খোলা মনে যে ভালবাসা পাই, তার জন্য কৃতজ্ঞ। সিনেমাহলের দর্শকের যে উচ্ছ্বাস এখানে দেখা যায়, তার তুলনা সত্যিই বিরল।’’
ম্যাট ডেমনও জানান, ভারতীয় দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া তাঁদের কাছে বড় প্রাপ্তি। তাঁর কথায়, ‘‘ছবিটি আপনাদের ভাল লেগেছে জেনে আমাদের সত্যিই আনন্দ হচ্ছে। এই ভালবাসার মূল্য আমাদের কাছে অনেক।’’
নোলান, হল্যান্ড এবং ডেমনের উপস্থিতিতে মুম্বইয়ের এই ‘প্রিমিয়ার’ ঘিরে ছিল এক অন্য উৎসাহ। আন্তর্জাতিক মুক্তির আগে ভারতীয় দর্শকের এমন অভ্যর্থনা ছবিটি নিয়ে প্রত্যাশা আরও বাড়িয়ে দিল বলেই মনে করছে চলচ্চিত্রমহল।