Advertisement
E-Paper

‘গান নকল করেন তনিষ্ক’, সুরকারের বিরুদ্ধে আরও বড় অভিযোগ অমাল মালিকের, কেন?

অমালের অভিযোগ, ‘সইয়ারা’ ছবির ‘টাইটেল ট্র্যাক’-এর আসল স্রষ্টা ফহীম আবদুল্লা ও আরসালান নিজ়ামির কাছ থেকে গানটি কার্যত কেড়ে নেওয়া হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৬ ২২:২৪
অমালের নিশানায় কেন তনিষ্ক?

অমালের নিশানায় কেন তনিষ্ক? ছবি: সংগৃহীত।

নাম না করে সুরকার তনিষ্ক বাগচীকে আক্রমণ করলেন অমাল মালিক? অমাল বৃহস্পতিবার তাঁর সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করেন। সেই পোস্টের নিশানায় রয়েছেন তনিষ্ক, এমনই মনে করছেন নেটাগরিক।

পোস্টের শুরুতেই অমাল লেখেন, “প্রিয় মিস্টার রিমিক্স, যিনি আসল গানগুলিকে ধ্বংস করেন। ১০ বছর দেরি হয়ে গেল, তবে এ বার সবাইকে তোমার আসল রূপটা দেখাব। সামনে ভাই বলে ডাক, আবার পিছনে অন্য কথা বল।”

এর পর অমালের অভিযোগ, ‘সইয়ারা’ ছবির ‘টাইটেল ট্র্যাক’-এর আসল স্রষ্টা ফহীম আবদুল্লা ও আরসালান নিজ়ামির কাছ থেকে গানটি কার্যত কেড়ে নেওয়া হয়েছে। ‘সইয়ারা’র জন্য প্রশংসা পেয়েছেন তনিষ্ক। প্রতিটি গানই সফল। অমালের দাবি, “‘সইয়ারা’ ছবিতে সুযোগ পাওয়ার জন্য তুমি ফহীম আবদুল্লা ও আরসালান নিজ়ামির চোখের সামনেই গানটি নিয়ে নিয়েছ। যদি ওরা ‘সইয়াঁ মেরে’ গানটি প্রকাশ করে, সবাই জানতে পারবে আসল গানটি কে তৈরি করেছিলেন আর কৃতিত্ব কে নিয়েছে।”

এর পাশাপাশি তনিষ্কের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগও তোলেন অমাল। তিনি লেখেন, “গায়িকাদের সঙ্গে তুমি কী করেছ, তা কি সবাইকে বলব?” যদিও এই অভিযোগের পক্ষে তিনি কোনও প্রমাণ দেননি।

অমালের আরও দাবি, তনিষ্কের একাধিক মৌলিক গানও আসলে নকল। তাঁর কথায়, “তোমার মৌলিক গানও আসলে ‘অরিজিনাল’ নয়। পাকিস্তানি গান, অন্য সুরকারের সুর, লোকসঙ্গীত বা ইউটিউব কভারের সুর নকল করে তৈরি।”

পোস্টের শেষেও আক্রমণের সুর বজায় রাখেন অমাল। তিনি লেখেন, “মানুষের মতো আচরণ কর। ইন্ডাস্ট্রি আজ তোমার মতো মানুষের জন্য হাস্যাস্পদ হয়ে উঠেছে। আমার সঙ্গে লাগতে এস না। এটা আমার জঙ্গল। এখানে একটাই নিয়ম। সিংহ যখন শিকার করে, তখন কিছুই অবশিষ্ট রাখে না।” কিন্তু হঠাৎ কেন এমন ক্ষোভ প্রকাশ করলেন অমাল, তা এখনও স্পষ্ট নয়।

Amaal Mallik

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy