কিছু দিন আগেই অমাল মলিক ঘোষণা করেছেন, তিনি বিরতি চান। দিনকয়েক অনুরাগীদের বিরক্ত না করার অনুরোধও করেছিলেন তিনি। কিন্তু এ বার ফুঁসে উঠলেন অমাল। নিজের বক্তব্য কোনও ভণিতা ছাড়াই তুলে ধরেন অমাল। ক্ষোভপ্রকাশ করতেও দু’বার ভাবেন না। এ বার স্পষ্ট জানিয়ে দিলেন, রেগে গেলে তিনি সলমন খান ও সঞ্জয় দত্তের চেয়েও ভয়ঙ্কর রূপ ধারণ করেন।
কয়েক দিন আগে সলমন খান ফিলম্স-এর তরফে ‘হিরো’ ছবির বর্ষপূর্তি উপলক্ষে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়। ভিডিয়োয় ছিল ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানটি। গানটির একটি সংস্করণ গেয়েছিলেন সলমন খান। তবে ছবিটির গানটির সুরকার অমাল মলিকের নাম সেই পোস্টে উল্লেখ করা হয়নি। বিষয়টি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন অমাল।
এরই মধ্যে বৃহস্পতিবার সমাজমাধ্যমে পরিবারের পাশে দাঁড়িয়ে আরও কড়া বার্তা দিলেন অমাল। তাঁর স্পষ্ট বক্তব্য, তাঁকে নিয়ে আলোচনা বা সমালোচনা করা হলে তিনি তা মেনে নেবেন, কিন্তু পরিবারের কাউকে কটাক্ষ করা হলে বিষয়টি আর বরদাস্ত করবেন না।
কিছু দিন আগেই গান থেকে বিরতির কথা জানিয়েছেন অমাল। ছবি: সংগৃহীত
অমাল লেখেন, “সকলের জন্য একটি সতর্কবার্তা। আমার পরিবারকে নিয়ে একটি কথাও বরদাস্ত করা হবে না। আমাকে কটাক্ষ করাই যদি আপনাদের লক্ষ্য হয়, তা হলে তা করুন। তাতে যদি কিছু মানুষ আপনাদের জনপ্রিয়তা বাড়ে, তাতেও আমার আপত্তি নেই।”
অমাল আরও জানান, গত কয়েক দিনে সমাজমাধ্যমের কিছু বেনামী অ্যাকাউন্ট তাঁর ভাই অরমান মলিককে আক্রমণ করার চেষ্টা করছে। তাঁর পাশে দাঁড়ানোর কারণেই অরমানকে কটাক্ষ করা হচ্ছে বলে দাবি করেন তিনি। অমালের বক্তব্য, ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানের মূল সংস্করণটি অরমানই গেয়েছিলেন। সেই গান অনুমোদিত হওয়ার পরে সলমন নিজের কণ্ঠে গানটির অন্য একটি সংস্করণ রেকর্ড করেন। কিন্তু তাঁদের নামের কোনও উল্লেখ নেই সেখানে।
অমালের বক্তব্য, বিষয়টি হয়তো অনেকের কাছে ছোট ঘটনা। কিন্তু তাঁর কাছে এবং শিল্পীসমাজের কাছে বিষয়টি মোটেই ছোট নয়। তিনি লেখেন, “আপনারা আমাদের নিয়ে ঠাট্টা করতে পারেন, কিন্তু আমাদের উত্তরাধিকারদের নিয়ে নয়।”
অমাল যোগ দিয়েছিলেন ‘বিগ বস্’-এও।
তাঁর সাফল্যকে বার বার ভাগ্য বা স্বজনপোষণের সঙ্গে জুড়ে দেখানো নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অমাল। তিনি লেখেন, “যথেষ্ট হয়েছে। বার বার নোংরা রাজনীতি, ভাগ্য কিংবা স্বজনপোষণ বলে কটাক্ষ করা এবং কাদা ছোড়াছুড়ি দেখে আমি ক্লান্ত।”
অমাল জানান, মাত্র ১৬ বছর বয়সে কাজ শুরু করেছিলেন তিনি। প্রায় ২০ বছর ধরে এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকার পরে এতটা ক্ষুব্ধ হয়েছেন তিনি। সমাজমাধ্যমে তাঁর পরিবারকে নিয়ে কেউ কিছু বললে প্রত্যেকের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি। নিজের রাগের প্রসঙ্গে অমাল লেখেন, সঙ্গীতের দুনিয়ায় তিনি শাহরুখ খানের মতো হলেও তাঁর রাগ সলমন খান এবং সঞ্জয় দত্তের মতো।
অমালের কথায়, “এর পর থেকে এই ইন্ডাস্ট্রির কেউ বা ইন্ডাস্ট্রির বাইরের কেউ যদি আমার পরিবারকে হুমকি দেন, আমার আপনজনদের আক্রমণ করেন, তা হলে আমি কী করি, তা দেখবেন। বড়ছেলে, বড়ভাই এবং পরিবারের এক জন সদস্য হিসাবে এই সতর্কবার্তা দিলাম। আমাকে বা আমার পরিবারকে নিশানা করার আগে অন্তত তিন বার ভাববেন।’’