সুরকার তনিষ্ক বাগচীর বিরুদ্ধে দিনকয়েক আগেই বিস্ফোরক অভিযোগ করে সমাজমাধ্যমে একাধিক পোস্ট করেছিলেন গায়ক-সুরকার অমাল মালিক। এ বার সেই সমস্ত পোস্ট সরিয়ে ফেললেন অমাল! তবে পোস্ট সরিয়ে নেওয়া মানেই যে তিনি অভিযোগ তুলে নিচ্ছেন, এমন নয়। বরং তাঁর দাবি, সমাজমাধ্যমের ‘টাইমলাইন’ থেকে ‘আবর্জনা সরাতেই’ পোস্টগুলি মুছে ফেলেছেন।
২৬ জুলাই এক্স-এ (সাবেক টুইটার) নতুন একটি পোস্ট করে অমাল স্পষ্ট জানান, তিনি তাঁর বক্তব্য প্রত্যাহার করেননি। কেবল পুরনো পোস্টগুলি ‘আর্কাইভ’ করেছেন। তাঁর কথায়, এই সিদ্ধান্ত তিনি ‘স্বচ্ছ মানসিকতা’ থেকেই নিয়েছেন এবং যা করার প্রয়োজন ছিল, তা ইতিমধ্যেই করেছেন।
অমাল আরও দাবি করেন, প্রায় ১০ বছর ধরে নিজের ক্ষোভ চেপে রেখেছিলেন তিনি। অবশেষে মুখ খুলতে বাধ্য হয়েছেন। তাঁর কথায়, “প্রায় ১০ বছর ধরে নিজের রাগ চেপে রেখেছিলাম। আজ এক দশক পরে আমাকে সত্যের পাশে দাঁড়াতেই হল। কারণ, সঠিক কথা বলার সাহস কেউ দেখায় না।” একই সঙ্গে, সঙ্গীতজগতের কিছু মানুষকে তিনি ‘নোংরা’ বলে উল্লেখ করেছেন এবং তাঁদের মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।
আরও পড়ুন:
অমালের বক্তব্য, তিনি একজন ‘খুব খারাপ মানুষের’ আসল চেহারা সকলের সামনে তুলে ধরেছেন। তাঁর বিশ্বাস, শেষপর্যন্ত কর্মফলই বিচার করবে। পোস্টে তনিষ্ককে উদ্দেশ করে হিন্দিতেই কড়া বার্তা দেন তিনি। লেখেন, “আমার সামনে নিজের এক্তিয়ারের মধ্যেই থাকিস।” অমালের দাবি, এটি তনিষ্কের জন্য ‘আজীবনের সতর্কবার্তা’। ভবিষ্যতে আবার কোনও অনিয়ম চোখে পড়লে ফের প্রকাশ্যে মুখ খুলবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন অমাল।
উল্লেখ্য, এর আগে তনিষ্কের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনেছিলেন অমাল। তাঁর অভিযোগ ছিল, অন্যের সুর নকল করে নিজের নামে চালিয়ে কৃতিত্ব নেওয়ার প্রবণতা রয়েছে তনিষ্কের। পাশাপাশি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের নাম ব্যবহার করে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেছিলেন অমাল। এমনকি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে বিভ্রান্ত ও মানসিক ভাবে নির্যাতনের অভিযোগও তুলেছেন তিনি তনিষ্কের বিরুদ্ধে।