Advertisement
E-Paper

‘সত্যিই হার্দিকের কাঁধে হাত রাখার মধ্যে রোম্যান্টিক ব্যাপার আছে!’ কাকে খোঁচা দিলেন অমীষা পটেল?

অমীষা পটেল এবং ক্রিকেট তারকাকে সম্প্রতি মুম্বইয়ের তাজ মহল প্যালেসের এক অনুষ্ঠানে দেখা গিয়েছিল। তাঁদের কথোপকথনের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ২২:০৯
হার্দিক ও অমীষাকে নিয়ে গুঞ্জন তৈরি করায় কটাক্ষ!

হার্দিক ও অমীষাকে নিয়ে গুঞ্জন তৈরি করায় কটাক্ষ! ছবি: সংগৃহীত।

হার্দিক পাণ্ড্যের সঙ্গে একাধিক নারীর নাম জড়িয়েছে। বর্তমানে তিনি মাহিকা শর্মার সঙ্গে সম্পর্কে রয়েছেন। কিন্তু এর মধ্যেই অমীষা পটেলের সঙ্গে নাম জড়াল তাঁর।

অমীষা পটেল এবং ক্রিকেট তারকাকে সম্প্রতি মুম্বইয়ের তাজ মহল প্যালেসের এক অনুষ্ঠানে দেখা গিয়েছিল। তাঁদের কথোপকথনের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, অমীষা তাঁর বন্ধুদের সঙ্গে হার্দিকের পরিচয় করিয়ে দিচ্ছেন। সেই ভিডিয়ো এক্স হ্যান্ডলে পোস্ট করে এক নেটাগরিক তাঁদের সম্পর্ক নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন।

অমীষাকে হার্দিকের কাঁধে হাত রাখতে দেখা যায়। সেটি নিয়েও নানা মন্তব্য করা হয়েছে। বিষয়টিকে রোম্যান্টিক সম্পর্কের ইঙ্গিত হিসাবেও দেখানো হয়। সেই মন্তব্যেরই এ বার কড়া জবাব দিলেন অমীষা নিজে। বন্ধুত্বপূর্ণ একটি মুহূর্তকে প্রেমের সঙ্গে জুড়ে দেওয়ায় ব্যঙ্গ করে ওই নেটাগরিককে পাল্টা কটাক্ষ করেছেন অভিনেত্রী।

অমীষা পটেল এবং হার্দিক পাণ্ড্যের ভাইরাল ভিডিয়োটি এক্সে পোস্ট করে ওই ব্যক্তি লিখেছিলেন যে, “বেঙ্গালুরুর একটি হোটেলে পার্টির সময় অমীষা যে ভাবে হার্দিকের কাঁধে হাত রেখেছিলেন, তা দেখেই বোঝা যাচ্ছে ওদের নিয়ে গুঞ্জন তৈরি হতে চলেছে।”

ওই পোস্টের স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন অমীষা। নেটিজেনের মন্তব্যের জবাব দিতে গিয়ে ব্যঙ্গের সুরে লেখেন, “হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আপনি ঠিকই ধরেছেন। সত্যিই হার্দিকের গায়ে হাত রাখার মধ্যে খুব রোম্যান্টিক ব্যাপার ছিল!”

এর পর ওই ব্যক্তিকে সরাসরি কটাক্ষ করে অমীষা লেখেন, “আমি আপনাকে চিনি না। তবে নিশ্চিত ভাবে বলতে পারি, আপনার কোনও মেয়ে বন্ধু নেই। এমন কিছু পোস্ট করার আগে আপনার উচিত, আগে এক জন মেয়েকে বন্ধু হিসাবে পাওয়া।”

হার্দিক পাণ্ড্য বর্তমানে মডেল মাহিকা শর্মার সঙ্গে সম্পর্কে রয়েছেন। নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের প্রায় দু’বছর পর নতুন সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন ভারতীয় দলের এই তারকা। ২০২৫ সালের ১০ অক্টোবর ইনস্টাগ্রাম স্টোরিতে মাহিকার সঙ্গে সমুদ্রসৈকতে তোলা একটি ছবি পোস্ট করেছিলেন হার্দিক। সেই পোস্টের পরই তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসে।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy