Advertisement
E-Paper

‘সিআইএনটিএএ’ নিয়ে বিতর্কের মাঝে অসুস্থ হয়ে পড়লেন পুনম ঢিলোঁ, হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে

পুনমের অসুস্থতার খবর এমন এক সময়ে প্রকাশ্যে এসেছে, যখন ‘সিআইএনটিএএ’-কে ঘিরে তুমুল অশান্তি চলছে। বর্তমানে এই সংগঠনের সভাপতি পুনম।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৬ ১৩:৪১
অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী পুনম।

অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী পুনম। ছবি: সংগৃহীত।

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী পুনম ঢিলোঁ। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে বেশ কয়েক দিন ধরেই চিকিৎসাধীন তিনি। তবে আপাতত ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা আগের তুলনায় ভাল।

পুনমের অসুস্থতার খবর এমন এক সময়ে প্রকাশ্যে এসেছে, যখন ‘সিন অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’ (সিআইএনটিএএ)-কে ঘিরে তুমুল অশান্তি চলছে। বর্তমানে এই সংগঠনের সভাপতি পুনম।

হিন্দি চলচ্চিত্র ও দূরদর্শন জগতের শিল্পীদের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন ‘সিআইএনটিএএ’। শিল্পীদের অধিকার ও কল্যাণ, কাজের পরিবেশ এবং পেশাগত নানা বিষয়ে তাঁদের স্বার্থরক্ষায় এই সংগঠন কাজ করে। সম্প্রতি, এই সংগঠনের আট জন নির্বাচিত সদস্য একসঙ্গে পদত্যাগ করেছেন। তাঁদের অভিযোগ, সংগঠনের সিদ্ধান্ত গ্রহণে আর আগের মতো সকলের মতামত নেওয়া হচ্ছে না। তাঁদের দাবি, সংগঠনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পুনম এবং সহ-সভাপতি পদ্মিনী কোল্হাপুরের হাতে রয়েছে অনেকটাই ।

সংগঠনের সাধারণ সম্পাদক উপাসনা সিংহ জানিয়েছেন, মোট ১১ জন পদত্যাগপত্র জমা দিয়েছেন। পুনম এবং পদ্মিনীর বিরুদ্ধে নিজেদের পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও উঠেছে। এমনকি সংগঠনের সরকারি যোগাযোগ ব্যক্তিগত ই-মেল ঠিকানা থেকে পাঠানো হচ্ছে— এ নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

অন্য দিকে, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন পুনম। তাঁর বক্তব্য, তাঁকে এবং পদ্মিনীর বিরুদ্ধে যে অভিযোগগুলি করা হয়েছে, তা অত্যন্ত কুরুচিকর ও অপমানজনক। প্রয়োজনে মানহানির অভিযোগে আইনি পদক্ষেপের কথাও ভেবেছিলেন তিনি।

এই সংঘাত যে তাঁকে ব্যক্তিগত ভাবেও যথেষ্ট আঘাত করেছে, তা জানিয়েছেন অভিনেত্রী। গত দেড় বছরে একাধিক বার সংগঠনের কার্যনির্বাহী কমিটি থেকে সরে যাওয়ার কথা ভেবেছিলেন বলেও জানান তিনি। তবে কয়েক দশকের চলচ্চিত্রজীবনে নিজের সম্মান, সততা এবং আত্মমর্যাদাকেই বরাবর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন পুনম।

এখন অবশ্য সব বিতর্কের আড়ালে তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠাই সবচেয়ে জরুরি। হাসপাতালে ডেঙ্গির সঙ্গে লড়ছেন পুনম।

Bollywood Actress

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy