Advertisement
E-Paper

‘ভয়ে নড়তে পারতাম না…’! মাতৃত্বের পরে চেহারা ভারী হয়ে যাওয়ায় কটাক্ষের শিকার, মুখ খুললেন ক্যাটরিনা

মাতৃত্বের পর় শারীরিক গঠন নিয়ে ক্যাটরিনা কইফকে কটাক্ষের বিরুদ্ধে সরবও হন অনেকে। এ বার এই বিষয়ে নিজের মতামত জানালেন ক্যাটরিনা। যদিও সরাসরি ট্রোলিংয়ের প্রসঙ্গ উল্লেখ করেননি অভিনেত্রী। ট্রোলারদের কী বললেন তিনি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ১৩:২০
ক্য়াটরিনা কইফ।

ক্য়াটরিনা কইফ। ছবি: সংগৃহীত।

অম্বানী পরিবারের গণেশ উৎসবে স্বামী ভিকি কৌশলের সঙ্গে উপস্থিত হয়েছিলেন ক্যাটরিনা কইফ। ছেলে হওয়ার পরে অভিনেত্রী সে ভাবে জনসমক্ষে আসেননি। সে দিন প্রকাশ্যে তাঁর ভারী চেহারা দেখে সমাজমাধ্যমে শুরু হয় কটাক্ষের বন্যা। মাতৃত্বের পর শারীরিক গঠন নিয়ে ক্যাটরিনাকে কটাক্ষের বিরুদ্ধে সরবও হন অনেকে। এ বার এই বিষয়ে নিজের মতামত জানালেন ক্যাটরিনা। যদিও সরাসরি ট্রোলিংয়ের প্রসঙ্গ উল্লেখ করেননি অভিনেত্রী, তবে তাঁর বক্তব্যকে অনেকেই সাম্প্রতিক বিতর্কের সঙ্গে মিলিয়ে দেখছেন।

৮ অক্টোবর লন্ডনে নিজের প্রসাধনী সংস্থার প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাটরিনা। সেখানেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া নানা মতামত এবং সমালোচনা নিয়ে কথা বলেন তিনি। অভিনেত্রীর মতে, অন্যের মতামতকে আত্মবিশ্বাস বা আত্মমূল্য নির্ধারণ করতে দিলে স্বাধীন ভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাধাপ্রাপ্ত হতে পারে।

অম্বানীদের অনুষ্ঠানে ক্যাটরিনা ও ভিকি।

অম্বানীদের অনুষ্ঠানে ক্যাটরিনা ও ভিকি। ফাইল চিত্র।

ক্যাটরিনা বলেন, “ব্যক্তিগত ভাবে, যখনই আমি সমালোচনা বা নানা মন্তব্যের সম্মুখীন হয়েছি, সেগুলিকে যদি নিজের কাজকর্ম নিয়ন্ত্রণ করতে দিতাম, তা হলে ভয়ে অঙ্গ বিকল হয়ে নড়তে পারতাম না। জীবনের কোনও ক্ষেত্রেই আর এগোতে পারতাম না। কখনও গোটা পৃথিবী আপনাকে উদ্‌যাপন করবে, আবার কখনও নিজের সবচেয়ে বড় সমর্থক নিজেকেই হতে হবে।”

নিজেকে মেনে নেওয়া এবং নিজের পরিচয়ের প্রতি সৎ থাকার গুরুত্বও তুলে ধরেন অভিনেত্রী। তাঁর কথায়, আত্মবিশ্বাস এবং নিজের সম্পর্কে ধারণা সব সময় এক রকম থাকে না। জীবনের কোনও পর্যায়ে হয়তো মনে হতে পারে, সব কিছুই ঠিকঠাক হচ্ছে। আবার কখনও নিজের ক্ষমতা নিয়ে সংশয় তৈরি হতে পারে, কিংবা নিজের সেরাটুকু বার করে আনার চেষ্টা চলতে পারে। এই ওঠাপড়াগুলিকে স্বাভাবিক ভাবে গ্রহণ করা জরুরি।

ক্যাটরিনার এই মন্তব্যের কয়েক দিন আগেই তাঁর প্রাক্তন প্রেমিক সলমন খানকে ‘বিগ বস্‌ ২০’-এর মঞ্চে অভিনেত্রীর পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল। মাতৃত্বের পর ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষের জবাব দিতে গিয়ে সমালোচকদের সমালোচনা করেন সলমন। অভিনেত্রীর পাশে দাঁড়ান বলিউডের আরও অনেকেই।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে পুত্রসন্তান আসে ক্যাটরিনা আর ভিকির কোলে। মাতৃত্বের পর অভিনেত্রীর চেহারা নিয়ে সমাজমাধ্যমে কটাক্ষের ঘটনাকে ঘিরে শুরু হয়েছিল বিতর্ক। এ বার সরাসরি সেই প্রসঙ্গ না তুললেও, অন্যের সমালোচনাকে নিজের জীবনের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে না দেওয়ার বার্তা দিলেন ক্যাটরিনা।

Katrina Kaif Postpartum Weight Gain

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy