অস্ট্রেলিয়ায় একের পর এক অনুষ্ঠানে ব্যস্ত পঞ্জাবি গায়ক কর্ণ আউজলা। সেখানেই এক কনসার্টের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নতুন করে আলোচনায় উঠে এসেছেন গায়ক। মঞ্চে গান গাওয়ার সময়ে এক ভক্ত তাঁর দিকে একটি জ্যাকেট ছুড়ে দেন। তাতে প্রথমে দৃশ্যত ক্ষুব্ধ হয়ে ওঠেন কর্ণ। তবে কিছুক্ষণ পরেই পরিস্থিতি স্বাভাবিক করে ওই ভক্তের আবদারও রাখেন তিনি।
দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানী অ্যাডিলেডে কর্ণের অনুষ্ঠান হওয়ার কথা ছিল গত ১৩ অগস্ট। কিন্তু নির্ধারিত সময়ে সে দেশের ভিসা না পাওয়ায় অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয় বলে জানা যায়। পরে নতুন তারিখে অনুষ্ঠান হয় এবং সেখানকার একাধিক ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, মঞ্চে গান গাওয়ার সময়ে দর্শকের মধ্যে থেকে কেউ একজন কর্ণের দিকে একটি জ্যাকেট ছুড়ে দেন। আচমকা এমন ঘটনায় দৃশ্যত বিরক্ত হয়ে ওঠেন গায়ক। এরপর পঞ্জাবি ভাষায় দর্শকের উদ্দেশে কথা বলতে বলতে ওই ব্যক্তিকে খুঁজে বার করার চেষ্টা করেন তিনি। ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, ‘‘যদি এত সাহস থাকে, তা হলে সামনে এসে আমার সঙ্গে কথা বলো। দেখি তুমি সত্যিই তোমার বাবার ছেলে কি না!’’
এর পর দর্শকের সাহায্যে ওই ভক্তকে শনাক্ত করা হয়। তাঁকে লক্ষ্য করে কর্ণ বলেন, ‘‘তুমি প্রেমে পড়েছ, তাই না? তুমি পাগল নাকি?’’ এমন কাজ আর না করার জন্য তাঁকে সতর্ক করেন গায়ক। সেই সঙ্গে জানতে চান, ওই ব্যক্তি আসলে কী চান।
প্রথমে রেগে গেলেও কিছুক্ষণের মধ্যেই কর্ণের মেজাজ অনেকটাই শান্ত হয়ে যায়। এর পর ওই জ্যাকেট তাঁর হাতে তুলে দিতে বলেন গায়ক, যাতে সই করে দিতে পারেন তাতে। ভক্তের উদ্দেশে কর্ণকে বলতে শোনা যায়, ‘‘এমনটা কোরো না। তুমি প্রেমে পড়েছ, তাই না? আমি তোমাকে নিয়ে মজা করতে এখানে আসিনি। আমার সময় নষ্ট কোরো না। কী চাও? ওটা দাও, আমি সই করে দিচ্ছি।’’
ঘটনার শুরুতে গায়ককে বিরক্ত মনে হলেও শেষপর্যন্ত পরিস্থিতি সামলে নিয়ে ভক্তের সঙ্গে স্বাভাবিক ভাবেই কথা বলেন তিনি। সেই মুহূর্তের ভিডিয়োই এখন সমাজমাধ্যমে নজর কেড়েছে।
উল্লেখ্য, আগামী ১৮ এবং ১৯ অগস্ট মেলবোর্নে পর পর দু’টি অনুষ্ঠান করার কথা রয়েছে গায়কের।