বলিউডে এমন কিছু মুখ আছে, যাঁদের আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মুখ। কিন্তু সেই তারকা-পরিচিতির দুনিয়া থেকে যেন বেশ কয়েক কদম দূরে প্রবীণ অভিনেতা অন্নূ কপূর। এমনটাই জানালেন তিনি নিজেই।
সম্প্রতি এক পডকাস্টে নিজের সমসাময়িক বলিউড-জ্ঞান নিয়ে বেশ অকপট অন্নূ। জানালেন, রণবীর কপূর, রণবীর সিংহ কিংবা সিদ্ধার্থ মলহোত্র— এই তিন অভিনেতাকেই তিনি মুখ দেখে চিনতে পারবেন না! এমনকি তাঁরা সামনে এসে দাঁড়ালেও কে কোন জন, তা বুঝতে তাঁর সমস্যা হবে। কেন?
ঋষি কপূরের ছেলে হিসাবে রণবীরকে চেনেন অন্নূ। ছবি: সংগৃহীত।
উত্তরটাও বেশ সোজাসাপটা। অন্নূ জানিয়েছেন, ব্যক্তিগত ভাবে ওই তিন অভিনেতার কারও সঙ্গেই তাঁর পরিচয় নেই। তার উপর তাঁদের কাজও তিনি তেমন দেখেননি। ফলে শুধু নাম জানলেই তো আর মানুষকে চেনা যায় না!
রণবীরকে অবশ্য তাঁর পরিবারসূত্রে চেনেন অন্নূ। কারণ তিনি ঋষি কপূরের ছেলে। কিন্তু রণবীরের অভিনয় কেমন, তিনি পর্দায় কী ভাবে কথা বলেন বা কী ভাবে নিজেকে প্রকাশ করেন, সে সম্পর্কে মন্তব্য করার জায়গায় নিজেকে রাখেননি অন্নূ। কারণ, তাঁর সাফ কথা—কাজই যখন দেখা হয়নি, তখন বিচার করবেন কী ভাবে?
রণবীর সিংহ এবং সিদ্ধার্থ মলহোত্রের কোনও কাজ দেখেননি অন্নূ। ছবি: সংগৃহীত।
এই মন্তব্যের মধ্যেই আসলে লুকিয়ে রয়েছে অনূর দৃষ্টিভঙ্গির একটি গুরুত্বপূর্ণ দিক। বলিউডে কোনও অভিনেতা কতটা জনপ্রিয়, কত বার তাঁর নাম সংবাদে আসছে, কিংবা সমাজমাধ্যমে তাঁকে নিয়ে কত আলোচনা হচ্ছে— সেই মাপকাঠিতে অন্নূ অভিনেতাকে বিচার করেন না। কাজ না দেখে মত দেওয়ার পক্ষপাতীও নন তিনি।
রণবীর কপূর, রণবীর সিংহ এবং সিদ্ধার্থ মলহোত্র— তিন জনই বর্তমান প্রজন্মের পরিচিত মুখ। তাঁদের ছবি, ব্যক্তিগত জীবন এবং সাফল্য নিয়ে নিয়মিতই আলোচনা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে অন্নূর এমন মন্তব্য স্বাভাবিক ভাবেই বিস্ময় তৈরি করেছে।
আরও পড়ুন:
তবে তাঁর বক্তব্যে কটাক্ষের চেয়ে অনাগ্রহই বেশি স্পষ্ট। সমকালীন তারকা-সংস্কৃতির সঙ্গে তাঁর দূরত্ব যে বেশ খানিকটা, সেটাই যেন বুঝিয়ে দিয়েছেন প্রবীণ অভিনেতা।