চলচ্চিত্র ও বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই নানা মন্তব্য করেন অনুরাগ কশ্যপ। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের আগ্রহের শেষ নেই। প্রায় এক দশক আগে সমাজমাধ্যমে শুভ্রা শেট্টী নামে এক তরুণীর সঙ্গে ছবি দিয়েছিলেন অনুরাগ। সেই থেকে শুরু হয়েছিল সম্পর্কের জল্পনা। আবার সেই সম্পর্ক নিয়েই মুখ খুললেন বলিউড পরিচালক।
অনুরাগের দু’বার বিবাহবিচ্ছেদ হয়েছে। তৃতীয় বার বিয়ে করতে চান তিনি? শুভ্রার প্রসঙ্গ টেনে পরিচালক বলেন, “ও বিয়েতে বিশ্বাস করে না।” কিন্তু অনুরাগ নিজে কি চান? পরিচালকের উত্তর, “আমি ওর সঙ্গে খুব খুশি। ওর সঙ্গে থাকতে চাই। তাই, তার জন্য যা করতে হয়, করব।”
এর পর নিজের মনের কথা বলতে গিয়ে অনুরাগ বলেন, ‘‘জীবনে অনেক কিছুই আছে। আমার মতো একটা বুড়ো লোকের আর হারানোর কী আছে?” সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন শুভ্রাও। তিনি সম্পর্কের শুরুর দিকের একটি ঘটনা জানান। তখন তাঁরা প্রেমের একেবারে প্রথম পর্বে। অনুরাগকে তখন শুভ্রা বলেছিলেন যে, প্রেমে পড়া তাঁর জীবনের অন্যতম একটি ইচ্ছে। তাই প্রেমে পড়তে পেরে তিনি খুশি এবং এ বার তিনি নিশ্চিন্তে মারা যেতে পারেন। কথাটি শুভ্রা নেহাত মজা করেই বলেছিলেন। কিন্তু অনুরাগ বিষয়টি খুব গম্ভীর ভাবে নিয়েছিলেন।
আরও পড়ুন:
শুভ্রার কথায়, “ও খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিল। কিছুক্ষণ থেমে ভেবে বলেছিল, ‘এর আগে গাড়ি দুর্ঘটনা হলেও আমি কখনও ভয় পেতাম না। কোনও কিছু নিয়েই আমার মাথাব্যথা ছিল না। কিন্তু প্রথম বার মনে হচ্ছে, বেঁচে থাকার মতো কিছু পেয়েছি। তাই এখন আর মরতে চাই না।’”
সাক্ষাৎকারে সেই পুরনো স্মৃতি উঠে আসতেই আবেগপ্রবণ হয়ে পড়েন অনুরাগ। তাঁর চোখে জলও চলে আসে। অনুরাগ ও শুভ্রার বয়সের ব্যবধান নিয়েও কথা হয়েছে সাক্ষাৎকারে। শুভ্রা জানান, তিনি ৩০ পার করেছেন, আর অনুরাগের বয়স ৫৩। তাঁদের সম্পর্কের শুরু থেকেই বয়সের ব্যবধান নিয়ে নানা মন্তব্য শুনতে হয়েছে। যদিও সময়ের সঙ্গে পরিস্থিতি অনেকটাই বদলেছে বলে মনে করেন পরিচালক।
অনুরাগের প্রযোজনা সংস্থাতেই কাজ করতেন শুভ্রা। সহকারী পরিচালক হিসাবে কাজ করতেন তিনি। সেখান থেকেই তাঁদের পরিচয় এবং পরে সম্পর্ক। প্রায় এক দশক ধরে তাঁরা একসঙ্গে রয়েছেন।