ইটালিতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন বাংলাদেশের অভিনেত্রী আজ়মেরী হক বাঁধন। হেনস্থার শিকার তিনি। তাঁর দিকে জল, ডিম ছু়ড়ে মারার অভিযোগ নায়িকার। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুযায়ী, বাঁধন জানিয়েছেন, তাঁর মুঠোফোন পর্যন্ত ফেলে দেওয়া হয়। সেই সময় অভিনেত্রীর সঙ্গে ছিল তাঁর ভাইয়ের সন্তান। ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ জানান বাঁধন।
অভিনেত্রীর দাবি, ২০২৪ সালের জুলাই–অগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তাঁর সক্রিয় অংশগ্রহণের কারণেই তাঁকে পরিকল্পিত ভাবে ‘টার্গেট’ করা হয়েছে। তাঁর অভিযোগ, হামলাকারীদের কয়েক জন নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসাবে পরিচয় দেন।
ইটালির রাস্তায় ভয়ঙ্কর পরিস্থিতিতে ভিডিয়ো করার চেষ্টা করেন বাঁধন। ছবি: ফেসবুক।
হামলার একপর্যায়ে তাঁকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলা হয়। একই সঙ্গে তাঁর সেই অবস্থার ভিডিয়ো করে সমাজমাধ্যমে ‘লাইভ’ করা বা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেছেন তিনি।
অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, পুরো ঘটনাটির নেপথ্যে তাঁর রাজনৈতিক অবস্থান এবং জুলাই আন্দোলনে প্রকাশ্য ভূমিকার বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। তবে হামলাকারীদের পরিচয় ও ঘটনার উদ্দেশ্য সম্পর্কে চূড়ান্ত কিছু জানা যায়নি।
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়েছেন নায়িকা। ছবি: সংগৃহীত।
প্রসঙ্গত, ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতেই ইটালিতে গিয়েছেন নায়িকা। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ছবিটি সেখানে প্রদর্শিত হবে। ওই ছবিতে অভিনয় করেছেন বাঁধন। এই মুহূর্তে অভিনেত্রী রয়েছেন ইটালির মেস্ত্রে শহরে। সোমবার রাতে ভাইয়ের পরিবারের সঙ্গে বেরিয়েছিলেন বাঁধন। তখনই ঘটে এমন অপ্রত্যাশিত ঘটন।