কেটে গিয়েছে প্রায় ছ’মাস। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে। তার পর দুটি ওয়েব সিরিজ়ে কাজ করে ফেলেছেন অভিনেত্রী মোহনা মাইতি। এ বার তাঁকে ছোটপর্দায় দেখা যাবে একেবারে নতুন চরিত্রে। নতুন ধারাবাহিকের নাম ‘আশীর্বাদ’।
নতুন লুকে মোহনা। ছবি: সংগৃহীত।
অভিনেত্রী মোহনা জানান, ছোটবেলা থেকে ধারাবাহিকে অভিনয় করতে করতে এখন তিনি বুঝতে পারেন যে, তিনি কোন ধরনের অভিনয় করতে চান। নায়িকা বলেন, “আমার কাছে গল্প খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেটা পড়লে নিজের মনে হয় যে, আমাকে মানাবে। সে ভাবেই ভাবি এবং রাজি হই।”
এর আগে প্রায় সব নায়কের সঙ্গেই অনেকটা বয়সের পার্থক্য ছিল মোহনার। ছবি: সংগৃহীত।
আগের ধারাবাহিকে মোহনাকে দেখা গিয়েছিল অভিনেতা রুবেল দাসের বিপরীতে। তার আগের ধারাবাহিকে তিনি জুটি বেঁধেছিলেন অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই নতুন কাহিনিতে মোহনার বিপরীতে দেখা যাবে সোহম বসুচৌধুরীকে। সোহমকে শিশুশিল্পী হিসাবে আগেও দেখেছেন দর্শক। মোহনা বলেন, “এই প্রথম নায়ক পেলাম যে, আমার থেকে মাত্র এক বছরের বড়। বাকিরা নায়কেরা তো আমার থেকে অনেক বড়। এটাতেই মজা পেয়েছি। সোহমের সঙ্গে অল্প কয়েক দিন কাজ করেছি। ভালই লাগছে।”
একসময়ের শিশুশিল্পী সোহম এখন নতুন ধারাবাহিকের নায়ক। ছবি: সংগৃহীত।
রাজ চক্রবর্তী প্রযোজিত এই নতুন ধারাবাহিকের শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এক দিকে মোহনাকে যেমন দেখা যাবে নতুন ভাবে, অন্য দিকে সোহমও প্রথম বার তথাকথিত মুখ্য চরিত্রে। এর আগে অনেক ধারাবাহিকে কাজ করলেও যিশু সেনগুপ্ত এবং দিতিপ্রিয়া রায়ের সঙ্গে ‘অপরাজিত’ ধারাবাহিকে সোহমের অভিনয় বিশেষ ভাবে নজর কেড়েছিল দর্শকের। কবে থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক? তা এখনও চূড়ান্ত হয়নি।