ময়নাগড়ের জমিদার রতিকান্ত চৌধুরীর কথা মনে আছে? এক সময়ে তার জীবনের ওঠাপড়া, টানাপড়েনের কাহিনিই ছিল মধ্যবিত্ত বাঙালির সন্ধ্যার রসদ। অভিনয় করেছিলেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। প্রায় ২৯ বছর আগে তৈরি হওয়া ধারাবাহিক ‘জন্মভূমি’র স্মৃতি উস্কে দিলেন বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় এবং অভিনেত্রী মমতাশঙ্কর।
বহু বছর পরে আবার পাশাপাশি হাত ধরে দেখা গেল দুই অভিনেত্রীকে। ১০ জুলাই মুক্তি পেয়েছে ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবিটি। সেই ছবির বিশেষ প্রদর্শনীতেই উপস্থিত হয়েছিলেন মমতাশঙ্কর এবং রূপা। তাঁদের দেখেই সকলে তাক করেন ক্যামেরা। হাত ধরে প্রেক্ষাগৃহে প্রবেশ করতে দেখা যায় তাঁদের। সেখানেই পুরনো স্মৃতি ভাগ করে নেন মমতাশঙ্কর।
ছবির প্রিমিয়ারে রূপা এবং মমতাশঙ্কর। ছবি: সংগৃহীত।
অভিনেত্রী বলেন, “সেই জন্মভূমির সময় থেকে আমাদের বন্ধুত্ব। সেখানে অবশ্য পরস্পরের শত্রু ছিলাম আমরা।” মমতাশঙ্করের কথা শুনেই প্রাণখোলা হাসি রূপার। এত বছর পরেও তাঁদের বন্ধুত্বে যে ভাটা পড়েনি, সেই অনুভূতিই ভাগ করে নিলেন তাঁরা। দুই অভিনেত্রীকে বড়পর্দায় পরবর্তী কালে একসঙ্গে আর দেখা যায়নি। বিশেষ প্রদর্শনীতে তাঁদের একসঙ্গে দেখে দর্শকের আবদার, আগামী দিনে তাঁরা যেন বড়পর্দায় একসঙ্গে কাজ করেন।
যদিও বিধানসভা নির্বাচনে জয়ের পরে রূপা জানিয়েছিলেন, এই মুহূর্তে তাঁর এতটাই ব্যস্ততা যে, অভিনয় করার জন্য যে সময় দেওয়ার প্রয়োজন তা তাঁর হাতে নেই। তবে সাম্প্রতিক কালে মমতাশঙ্করকে বেশ কিছু উল্লেখযোগ্য চরিত্রে দেখা গিয়েছে।