Advertisement
E-Paper

প্রয়াত পরিচালক-প্রযোজক বিপি সিংহ, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু ‘সিআইডি’ স্রষ্টার

‘সিআইডি’ এবং ‘আহট’-এর মতো অপরাধ ও ভৌতিক ঘরানার ধারাবাহিকের মাধ্যমে দর্শককে মুগ্ধ করেছিলেন বিপি সিংহ। মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ১৫:১৪
প্রয়াত বিপি সিংহ।

প্রয়াত বিপি সিংহ। ছবি: সংগৃহীত।

জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’-র স্রষ্টা, প্রযোজক ও পরিচালক বিপি সিংহ প্রয়াত। মঙ্গলবার, ২৭ অক্টোবর সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৭৭। সমাজমাধ্যমে একটি পোস্ট করে এই খবর জানিয়েছেন পরিচালক অশোক পণ্ডিত। বিপি সিংহ ছিলেন এক দক্ষ প্রযোজক-পরিচালক। ‘সিআইডি’ এবং ‘আহট’-এর মতো অপরাধ ও ভৌতিক ঘরানার ধারাবাহিকের মাধ্যমে দর্শককে মুগ্ধ করেছিলেন তিনি।

অশোকের কথায়, বিপি সিংহের কাজ আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। ‘ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন’ (আইএফটিডিএ)-এর সভাপতি থাকাকালীন তাঁর সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করেছিলেন অশোক। প্রয়াত পরিচালককে একজন অসাধারণ মানুষ এবং প্রিয় বন্ধু হিসেবেও বর্ণনা করেছেন তিনি। সমাজমাধ্যমে অশোক লেখেন, “দক্ষ প্রযোজক-পরিচালক বিপি সিংহজির প্রয়াণের খবর শুনে মর্মাহত। মঙ্গলবার ভোরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর কাজ আজও অনুপ্রেরণা জোগায় এবং আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। ‘ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন’-এর সভাপতি থাকাকালীন তাঁর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করার সুযোগ হয়েছিল আমার।”

তিনি আরও লেখেন, “একজন অসাধারণ মানুষ এবং প্রিয় বন্ধু হিসেবে তাঁকে চিরকাল মনে রাখব। বিনোদনজগতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবার ও কাছের মানুষদের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। ২৮ অক্টোবর তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। বিস্তারিত তথ্য শীঘ্রই জানানো হবে।” সহকর্মীদের কথায়, বিপি সিংহ ছিলেন এক অসাধারণ শিক্ষক এবং পেশাদারিত্বের দিক থেকে ছিলেন অনন্য।

দেহরাদূনে জন্ম ব্রিজেন্দ্র পাল সিংহের। ভারতের দীর্ঘতম সময় ধরে চলা টেলিভিশন ধারাবাহিকগুলির অন্যতম ‘সিআইডি’ তৈরি করেন তিনি। এই ধারাবাহিকের পরিচালক ও প্রযোজক ছিলেন তিনি। ১৯৯৮ সালে শুরু হয়েছিল এই ধারাবাহিক। মুম্বইয়ের অপরাধদমন শাখার একটি তদন্তকারী দলকে কেন্দ্র করে তৈরি এই ধারাবাহিক টানা দু’দশক ধরে দর্শকের মন জয় করেছে। ধারাবাহিকে মাঝেমধ্যে ডেপুটি কমিশনার অফ পুলিশ শমশের সিংহ চিত্রোলের চরিত্রেও অভিনয় করেছেন বিপি সিংহ। ২০১০ সালে তাঁর হাত ধরেই শুরু হয় ‘সিআইডি গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস’।

টেলিভিশনের ইতিহাসেও বিশেষ জায়গা করে নিয়েছিল ‘সিআইডি’। ২০০৪ সালের অক্টোবর মাসে সম্প্রচারিত ধারাবাহিকটির একটি বিশেষ পর্ব একটানা ১১১ মিনিটের শটে শুট করা হয়েছিল। এই কৃতিত্বের জন্য রেকর্ড গড়ে ধারাবাহিকটি। ১৯৯৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত সোনি টিভিতে সম্প্রচারিত ভৌতিক ধারাবাহিক ‘আহট’-এর প্রযোজকও ছিলেন তিনি। তাঁর অন্যান্য কাজের মধ্যে রয়েছে ‘খাকি’, ‘অভয়’ এবং ‘সুপার কপস ভার্সেস সুপার ভিলেনস’। বিনোদনজগতের সহকর্মীদের মতে, ভারতীয় টেলিভিশনে অপরাধ ও ভৌতিক ধারাবাহিকের ধারা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

CID

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy