নি়ট প্রশ্নপত্র ফাঁসের জেরে দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা-সহ একাধিক দাবিতে দিল্লির যন্তর মন্তরে প্রায় মাস খানেক ধরে চলেছে প্রতিবাদ। অনশনে বসেন শিক্ষাবিদ্ সোনম ওয়াংচুক। প্রকাশ রাজ, সোনাক্ষী সিন্হার মতো দু’এক জন অভিনেতা-অভিনেত্রী ছাড়া পুরো বলিউড প্রথম থেকেই এই আন্দোলন নিয়ে নীরবই ছিল। ২০ জুলাই সংসদ অভিযানের পর থেকে ধীরে ধীরে ছাত্রদের সমর্থনে এগিয়ে আসেন কিছু বলি তারকা। যাঁদের মধ্যে সব থেকে বড় নাম ছিল সলমন খান। আন্দোলনরত ছাত্রদের জন্য পোস্ট দেন আলিয়া ভট্টও। তবে নীরব শাহরুখ খান থেকে আমির খানের মতো তারকারা। এ দিকে, ২৫ জুলাই পদত্যাগ করলেন দেশের শিক্ষামন্ত্রী। বিজয়ের উল্লাসে মেতেছেন আন্দোলনকারীরা। তবে এখনও নীরব শাহরুখ। এর মাঝেই সপরিবার কোথায় গেলেন তিনি?
আরও পড়ুন:
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেল, বিদেশের রাস্তায় ঘুরছেন শাহরুখ, সুহানা, আরিয়ান ও স্ত্রী গৌরী খান। শোনা যাচ্ছে, এই মুহূর্তে ‘কিং’ ছবির জন্য লন্ডনে শুটিংয়ে ব্যস্ত শাহরুখ। কারণ, ওই একই দিনে লন্ডনে ক্যামেরাবন্দি হন ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিযেক বচ্চন। শাহরুখের আসন্ন এই ছবিতে খলনায়ক অভিষেক। ছাত্রদের এই আন্দোলন নিয়ে নীরব ছিল বচ্চন পরিবারও। উল্লেখ্য, অতীতে অবশ্য বিভিন্ন বিষয়ে নিজের মত প্রকাশ করেছেন শাহরুখ। কিন্তু ২০২১ সালের পর থেকে ব্যক্তিগত মত প্রকাশ সে ভাবে করতে দেখা যায়নি তাঁকে।
গত বছরের ২ নভেম্বর, নিজের জন্মদিনেই ‘কিং’-এর প্রথম ঝলক প্রকাশ করেছিলেন শাহরুখ। সম্পূর্ণ অন্য রকম লুকে ধরা দিয়েছিলেন তিনি। সঙ্গে ছিল ছবির থিম মিউজ়িক এবং তাঁর সংলাপ, মুহূর্তের মধ্যে যা ভাইরাল হয় সমাজমাধ্যমে। তার পর থেকেই ছবিটি ঘিরে প্রত্যাশা ক্রমশ বেড়েই চলেছে। রেড চিলিজ় এন্টারটেনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত এই ছবির সবচেয়ে বড় আকর্ষণ শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা খানের প্রথম একসঙ্গে অভিনয়। শোনা যাচ্ছে, ছবিতে নাকি শাহরুখকে অপরাধজগতের এক অভিজ্ঞ ঘাতকের চরিত্রে দেখা যাবে। সুহানা অভিনয় করছেন তাঁর শিষ্যের ভূমিকায়, যিনি বিপজ্জনক মিশনের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন।
‘কিং’-এ শাহরুখ ও সুহানার পাশাপাশি রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখোপাধ্যায়, অরশদ ওয়ারসী, অভয় বর্মা এবং রাঘব জুয়াল।