‘ধুরন্ধর’ ছবির জনপ্রিয় ‘শরারত’ গানে কণ্ঠ দিয়ে খ্যাতির আলোয় আসেন জৈসমীন সৈন্ডলস। একের পর এক অনুষ্ঠানে মোহিত করেছেন অনুরাগীদের। এ বার দিল্লি থেকে শুরু হয়েছে তাঁর বহু প্রতীক্ষিত ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’। প্রথম দিনের অনুষ্ঠানেই অনুরাগীদের বড় চমক দিলেন। শনিবার, ১১ জুলাই, কনসার্ট চলাকালীন মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করলেন, তাঁর বাগ্দান হয়ে গিয়েছে। অনুরাগীদের উচ্ছ্বাসের মাঝেই মনের মানুষের সঙ্গে আলাপ করিয়ে দিলেন গায়িকা।
কনসার্টের এক বিশেষ মুহূর্তে জৈসমীন মঞ্চে ডেকে নেন হবু স্বামী শেখর চৌধরীকে। দর্শকের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেন। এর পর আঙুলে পরা ‘এনগেজমেন্ট রিং’ দেখান। আবেগপ্রবণ গায়িকা বলেন, “এই মানুষটিই আমার আঙুলে এই আংটি পরিয়েছে। এ-ই হল, আমার মনের মানুষ!” দর্শকাসন তখন চিৎকার, আনন্দ, উচ্ছ্বাসে ফেটে পড়ছে।
বাগ্দানের ঘোষণা করেই জৈসমীন দৌড়ে গিয়ে শেখরকে জড়িয়ে ধরেন। বাগ্দত্তাকে কোলে তুলে ঘুরিয়ে নেন শেখর। অনুষ্ঠানস্থল করতালি ও উল্লাসে ফেটে পড়ে। এখানেই শেষ নয়। জৈসমীন ও শেখর এর পরে গায়িকার জনপ্রিয় গান ‘লাভান’-এর তালে একসঙ্গে নাচেন। সেই মুহূর্তের একাধিক ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন দু’জনেই।
আরও পড়ুন:
জৈসমীনের ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয় নয়াদিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে। এই ট্যুরের পরবর্তী অনুষ্ঠানগুলি হবে মুম্বই, বেঙ্গালুরু এবং চণ্ডীগড়ে।
শনিবার নিজের একাধিক জনপ্রিয় গান শোনান তিনি। তার মধ্যে অবশ্যই ছিল ‘শরারত’। সেই সঙ্গে ছিল ‘জাইয়ে সজনা’, ‘ইয়ার না মিলে’, ‘তরস’, ‘সিপ সিপ’-সহ আরও বেশ কয়েকটি জনপ্রিয় গান।