জন্মদিনেই সুখবর জানিয়েছিলেন পরিচালক রাজা চন্দ এবং পিয়ান সরকার। সপ্তাহের মাঝেই লক্ষ্মী এল বাড়িতে। কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী পিয়ান এবং বাবা হলেন রাজা। নতুন অতিথি আসার খবর প্রথম আনন্দবাজার ডট কম-কেই জানিয়েছেন যুগলে।
একটি বেসরকারি হাসপাতালে এই দিন দুপুরে কন্যা সন্তানের জন্ম দেন পিয়ান। হাসপাতাল থেকে অভিনেত্রী বললেন, “ভাল আছি। দুপুরে মেয়ে হয়েছে। প্রথম বার কোলে নিয়ে আমি এবং রাজা কেঁদে ফেলেছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।”
সাধের অনুষ্ঠানে রাজা-পিয়ান। ছবি: সংগৃহীত।
মেয়ে হওয়ার পরে খুবই আবেগপ্রবণ পরিচালক রাজাও। স্ত্রীর সঙ্গে অপারেশন থিয়েটারেও ছিলেন রাজা। তিনি বলেন, “ম্যাজিকাল অনুভূতি। মেয়েকে প্রথম দেখে কেঁদে ফেলেছিলাম।” মা-মেয়ের সঙ্গে কয়েক দিন হাসপাতালেই থাকবেন রাজা। সকলে ভাল আছে। কিছু দিন পরেই স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি ফিরবেন পরিচালক।
প্রথমে কিছুটা আড়ালেই রেখেছিলেন তাঁরা এই খবর। তবে রাজার জন্মদিনের ছবিতেই সবটা বোঝা যায়। তখনই পিয়ান জানিয়েছিলেন, তাঁরা উত্তেজিত। রাজা-পিয়ান দু’জনেই বলেছিলেন, “এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না। পরিপূর্ণ অনুভব করছি। খুবই উত্তেজিত আমরা।” পিয়ানকে দেখে আরও বেশি খুশি পরিচালকও। তিনি বললেন, “পিয়ানকে নতুন করে আবিষ্কার করছি মনে হচ্ছে। খুব ভাল লাগছে। উত্তেজনার সঙ্গে এটা বড় দায়িত্বও।”