Advertisement
E-Paper

‘প্লে-বয়’ পুরুষেরা কি অপরাধবোধে ভোগেন? প্রশ্ন ঈশার, নাম না করে প্রাক্তন স্বামী বাদশাকেই নিশানা?

প্রাক্তন স্বামী বাদশাকে নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি ঈশা রিখী। তবে ‘বিগ বস্‌’-এর ঘরে তাঁর মন্তব্য শুনে শুরু হয়েছে বিপুল আলোচনা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২৪
ঈশার ইঙ্গিত কি বাদশার দিকে?

ঈশার ইঙ্গিত কি বাদশার দিকে? ছবি: সংগৃহীত।

বিচ্ছেদ হয়েছে। তার পরেও প্রাক্তন স্বামী বাদশাকে নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি ঈশা রিখী। কিন্তু সম্প্রতি, ‘বিগ বস্‌ ২০’-এর ঘরে তাঁর কিছু কথাবার্তা ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা। সম্পর্কের ক্ষেত্রে ‘রেড ফ্ল্যাগ’ নিয়ে আলোচনা চলছিল। সেই প্রসঙ্গেই ঈশা বলে বসলেন, ‘‘জীবনে এমন অনেক মানুষ দেখেছি যাঁরা আক্ষরিক অর্থেই ‘রেড ফ্ল্যাগ’।’’ সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর ক্ষতিকর বা বিষাক্ত আচরণ বোঝাতে ‘রেড ফ্ল্যাগ’ শব্দবন্ধ ব্যবহার করা হয়।

অনুষ্ঠানে ঈশার মন্তব্যের পরেই সহ-প্রতিযোগীদের হাসিঠাট্টা শুরু হয়। ঈশার মুখেও লাজুক হাসি। যদিও তিনি দ্রুত স্পষ্ট করে দেন, ব্যক্তিগত জীবনের কথা বলছেন না। কিন্তু ততক্ষণে দর্শকের কৌতূহল বেড়ে গিয়েছে। বিশেষ করে, এর পরেই ঈশা যখন প্রতারণা এবং ‘প্লে-বয়’ প্রসঙ্গ তোলেন। বাড়ির ছেলেদের প্রশ্ন করেন, ‘‘যাঁরা প্রতারণা করেন, তাঁদের কি অপরাধবোধ হয়? বিশেষ করে যে সকল পুরুষ একই সময়ে একাধিক সম্পর্কে লিপ্ত হয়?’’

‘বিগ বস্‌ ২০’-এর ঘরে কি প্রাক্তন বাদশাকে টেনেই কথা বললেন ঈশা?

‘বিগ বস্‌ ২০’-এর ঘরে কি প্রাক্তন বাদশাকে টেনেই কথা বললেন ঈশা? ছবি: সংগৃহীত।

ঈশার প্রশ্নে আর এক প্রতিযোগী উত্তরে জানান, কাকে ঠকানো হয়েছে, তার উপর অনেকটাই নির্ভর করে অপরাধবোধ হবে কি না। সেই মানুষটি যদি গুরুত্বপূর্ণ হন, তা হলে বাইরে থেকে যতই নির্বিকার থাকার চেষ্টা করুন, রাতে একা হলে নিজের ভুলের কথা মনে পড়বেই।

এই কথোপকথনের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেটমাধ্যমে প্রশ্ন— ঈশা কি নিজের ব্যক্তিগত জীবনের কথাই বলছিলেন? অনেকেই সরাসরি বাদশার নাম টেনে এনেছেন। কেউ লিখেছেন, ‘‘তবে কি বাদশাকেই ‘প্লে-বয়’ বললেন ঈশা?’’ কারও প্রশ্ন, ‘‘বাদশা কি সত্যিই ঈশার সঙ্গে প্রতারণা করেছিলেন?’’ আবার কেউ মনে করেছেন, ঈশা এখনও প্রাক্তনের ফোনের অপেক্ষায়।

যুগলের বিচ্ছেদ নিয়ে বিপুল আলোচনা হয়েছে।

যুগলের বিচ্ছেদ নিয়ে বিপুল আলোচনা হয়েছে। ছবি: সংগৃহীত।

যদিও ঈশা নিজে এক বারও বাদশার নাম নেননি। প্রতারণার অভিযোগও করেননি। তবে তাঁদের সম্পর্কের পরিণতি নিয়ে এর আগেই নিজের মনের কথা জানিয়েছিলেন তিনি। ‘বিগ বস্‌ ২০’-এর মঞ্চে ঈশা জানিয়েছিলেন, প্রেমে পড়ে তাঁর মনে হয়েছিল, ‘এই তো, যেমন খুঁজছিলাম, তেমনই।’ তাঁর কাছে সেই মানুষটি শুধু ‘গ্রিন ফ্ল্যাগ’ ছিলেন না, ‘‘গোটা গ্রিন ফরেস্ট’’ ছিলেন। উল্লেখ্য, কোনও সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর মধ্যে ভাল ও স্বাস্থ্যকর আচরণের প্রকাশ পাওয়া গেলে, ‘গ্রিন ফ্ল্যাগ’ শব্দবন্ধ ব্যবহার করা হয়।

বাদশাকে কি ‘রেড ফ্ল্যাগ’ বলেছেন ঈশা?

বাদশাকে কি ‘রেড ফ্ল্যাগ’ বলেছেন ঈশা? ছবি: সংগৃহীত।

বিয়ে করে সংসার পাতার ইচ্ছা ছিল ঈশার। সম্পর্কটি টিকিয়ে রাখার জন্য নিজের দিক থেকে যথেষ্ট চেষ্টা করেছিলেন বলেও জানিয়েছিলেন। কিন্তু কিছু অভিজ্ঞতা মানুষকে বদলে দেয়। বিশ্বাস ভেঙে গেলে একসময় নিজের কাছেই প্রশ্ন জাগে— ‘‘আমি কোথায় ভুল করলাম?’’ সেই অভিজ্ঞতা তাঁকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল বলে জানান। এমনকি নিজের জীবনের গল্পে, নিজেই যে কখন পার্শ্বচরিত্র হয়ে গিয়েছিলেন, তা-ও বুঝতে পারেননি বলে জানিয়েছিলেন অভিনেত্রী।

তাই ‘রেড ফ্ল্যাগ’ থেকে ‘প্লে-বয়’—ঈশার পর পর দু’টি মন্তব্য ঘিরে এখন ফের আলোচনায় তাঁর অতীত সম্পর্ক। সত্যিই কি প্রাক্তনের উদ্দেশেই এই ইঙ্গিত? সেই উত্তর অবশ্য এখনও মেলেনি।

Singer Bollywood

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy