ঘোষণার পর থেকেই আলোচনায় ‘ডন ৩’। প্রথমে মুখ্য ভূমিকায় রণবীর সিংহের অভিনয় করার কথা ঘোষণা হওয়ার পর আলোচনা শুরু হয়। এর পরে ছবি থেকে তাঁর সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক শুরু হয়, যা এখনও জারি রয়েছে। এ বার ‘দিল চাহতা হ্যায়’-এর ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে অভিনেতার নাম না করেই কি তাঁকে খোঁচা দিলেন পরিচালক ফরহান আখতার?
‘ডন ৩’ থেকে রণবীরের সরে যাওয়া নিয়ে বলিপাড়ায় বিতর্কের শেষ নেই। আইনি নোটিস থেকে শুরু করে চলচ্চিত্রকর্মীদের সংগঠনের হস্তক্ষেপ— বিতর্ক গড়িয়েছে অনেক দূর। এ বার সেই প্রসঙ্গেই যেন পরোক্ষ ভাবে রণবীরকে খোঁচা দিলেন ছবির পরিচালক ফরহান। তাঁর পরিচালিত প্রথম ছবি ‘দিল চাহতা হ্যায়’ মুক্তির ২৫ বছর পূর্ণ করেছে। সেই উপলক্ষে এক সাক্ষাৎকারে ছবির অন্যতম অভিনেতা সইফ আলি খানের প্রসঙ্গ ওঠে। ফরহান জানান, ছবির শুটিং শুরু হওয়ার মাত্র কয়েক দিন আগে সইফ ছবিটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
ফরহান জানান, অন্য একটি ছবির শুটিংয়ের সময়সূচি বদলে যাওয়ায় সইফের সঙ্গে তাঁর ছবির তারিখ নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে, সবাই তাঁকে বোঝানোর চেষ্টা করলেও সইফ ছবি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। পরিচালকের কথায়, ‘‘আমার তখন পুরো মাথাখারাপ হওয়ার মতো অবস্থা। আমরা যখন ছবির জন্য ওঁর সঙ্গে দেখা করেছিলাম, তখন ওই চরিত্রে আর কাউকে ভাবতে পারিনি। অন্য কেউ ওই চরিত্রটি করতে পারে, এটা কল্পনাই করা সম্ভব ছিল না। সত্যিই খুব কষ্ট পেয়েছিলাম।’’
সইফের সেই সময়ের সিদ্ধান্তের কথা বলতে গিয়েই আচমকা রণবীরের প্রসঙ্গ টেনে আনেন ফরহান। যদিও অভিনেতার নাম নেননি তিনি। পরিচালক বলে ওঠেন, ‘‘ছবির শুটিং শুরু হতে তখন মাত্র এক মাস বাকি। আজকাল যেন এটা একটা প্যাটার্ন (ধরন) হয়ে দাঁড়িয়েছে।’’ ফরহানের এই মন্তব্য শুনে সাংবাদিকও হেসে ফেলেন। সেই হাসির প্রতিক্রিয়ায় পরিচালক বলেন, ‘‘তবে শুধু আমার সঙ্গে নয়। এ রকম ঘটনা হামেশাই ঘটতে থাকে।’’
ফরহানের মন্তব্যের পরেই সমাজমাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকের মতে, ‘প্যাটার্ন’ শব্দটি ব্যবহার করে রণবীরের ‘ডন ৩’ ছেড়ে দেওয়ার ঘটনার দিকেই ইঙ্গিত করেছেন পরিচালক।
উল্লেখ্য, ‘ডন ৩’-এর শুটিং শুরু হওয়ার মাত্র কয়েক দিন আগে ছবি থেকে সরে দাঁড়িয়েছিলেন রণবীর। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, অভিনেতার সঙ্গে ফরহানের সম্পর্কের অবনতির পিছনে নাকি ছিল হৃতিক রোশনের সঙ্গে ছবির চরিত্রটি নিয়ে আলোচনা। তবে সেই দাবি ফরহান অস্বীকার করেছিলেন।
এর পরে ‘ধুরন্ধর’ ছবির জন্য রণবীর সাফল্য পেলে তাঁকে ‘ডন ৩’ ছবিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বলেও খবর ছড়ায়। রণবীর নাকি ছবির চুক্তিতে সই করে নেওয়া টাকা ফেরত দিতে চেয়েছিলেন। কিন্তু প্রি-প্রোডাকশনের কারণে নির্মাতাদের প্রায় ৪৫ কোটি টাকা ক্ষতি হয়েছে দাবি করে তাঁর কাছে ক্ষতিপূরণ চাওয়া হয় বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল।
বিষয়টি পরে গড়ায় ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়’ (এফডব্লিউআইসিই)-এর কাছেও। রণবীরের সিদ্ধান্তের জেরে তাঁর সঙ্গে অসহযোগিতার নির্দেশ জারি করেছিল চলচ্চিত্রকর্মীদের সংগঠনটি। যদিও পরে সেই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়। তবে একইসঙ্গে স্পষ্ট করে জানানো হয়েছিল, রণবীরকে কোনও ভাবেই ‘নিষিদ্ধ’ করা হয়নি।
অন্য দিকে, এফডব্লিউআইসিই-এর ওই নির্দেশের পরে রণবীর সংগঠনটিকে আইনি নোটিস পাঠিয়েছিলেন বলেও খবর। গোটা বিতর্কে অভিনেতা অবশ্য এখনও পর্যন্ত প্রকাশ্যে খুব বেশি কিছু বলেননি। তাঁর হয়ে মূলত মুখ খুলেছেন তাঁর মুখপাত্র। ফলে ‘ডন ৩’ নিয়ে বিতর্ক পুরোপুরি থামেনি। ছবির কাস্টিং এবং প্রযোজনার পরিকল্পনায় একাধিক পরিবর্তনের পর ফরহানের সাম্প্রতিক মন্তব্য সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল।