Advertisement
E-Paper

মা-ছেলের বেঁচে থাকার লড়াই থেকে হাঙরের হামলা! ‘দ্য ডেভিল ওয়্যার্স প্রাডা’ ছাড়া কী কী থাকছে ওটিটি-তে?

‘দি ওডিসি’ ইতিমধ্যেই অনেকে দেখে ফেলেছেন। কিন্তু পিছিয়ে নেই ওটিটি-ও। সপ্তাহান্তে বাড়িতে বসেই নতুন ওয়েব সিরিজ় বা ছবি দেখার পরিকল্পনা করতেই পারেন জুলাই মাসের শেষে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৬ ১০:১৪
ওটিটি-তে কী কী দেখবেন?

ওটিটি-তে কী কী দেখবেন? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রেক্ষাগৃহে আলোড়ন তুলেছে ‘দি ওডিসি’। ইতিমধ্যেই অনেকে দেখে ফেলেছেন ছবিটি। কিন্তু পিছিয়ে নেই ওটিটি-ও। সপ্তাহান্তে বাড়িতে বসেই নতুন ওয়েব সিরিজ় বা ছবি দেখার পরিকল্পনা করতেই পারেন জুলাই মাসের শেষে।

১) দ্য ডেভিল ওয়্যার্স প্রাডা ২: এ সপ্তাহের সবচেয়ে বড় মুক্তিগুলির মধ্যে অন্যতম ‘দ্য ডেভিল ওয়্যার্স প্রাডা ২’। ২৯ জুলাই জিয়ো হটস্টারে মুক্তি পাচ্ছে ছবিটি। প্রায় দু’দশক পরে আবার মিরান্ডা প্রিস্টলির চরিত্রে ফিরেছেন মেরিল স্ট্রিপ। অ্যান্ডি স্যাকসের ভূমিকায় দেখা যাচ্ছে অ্যানি হ্যাথাওয়েকে। এমিলি চার্লটনের চরিত্রে ফিরেছেন এমিলি ব্লান্টও। এ বার প্রকাশনাজগতের বদলে যাওয়া পরিস্থিতিকে কেন্দ্র করেই এগোয় গল্প।

২) বালান: দ্য বয়: এটি একটি মলয়ালম মনস্তাত্ত্বিক ‘সারভাইভাল ড্রামা’। গল্পের কেন্দ্রে রয়েছে অতীতে দোষী সাব্যস্ত হওয়া এক মহিলা এবং তার ছেলে। অতীতের ভয়াবহ স্মৃতি থেকে পালিয়ে বাঁচতে বারবার পরিচয় বদলে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে হয় তাদের। একাকিত্বের মধ্যে বেঁচে থাকার লড়াইয়ের পাশাপাশি মানসিক ক্ষত নিয়েও অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয় মা-ছেলে। জ়ি ফাইভে ৩১ জুলাই থেকে দেখা যাবে এই ছবি।

৩) চাম: টিনা এবং টম নিজেদের স্বপ্নের গন্তব্য মালটায় বিবাহ উদ্‌যাপন করতে যায়। কিন্তু সুখের সফর মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হয়, যখন একটি হাঙরের পাল্লায় পড়ে তারা। এক স্থানীয় জেলে তাদের উদ্ধার করতে আসে। কিন্তু পরে জানা যায়, সেই জেলে আসলে অতীতের এক ভয়ঙ্কর কাণ্ডে জড়িয়ে থাকা এক মানসিক বিকারগ্রস্ত খুনি। শুরু হয় প্রাণ বাঁচানোর মরিয়া লড়াই। লায়ন্সগেট প্লে-তে ৩১ জুলাই থেকে দেখা যাবে সিরিজ়টি।

৪) ব্যাটম্যান: কেপড ক্রুসেডার সিজ়ন ২: সমালোচকদের প্রশংসিত অ্যানিমেটেড সিরিজ়টি ফিরেছে দ্বিতীয় সিজ়নে। এ বার আরও অন্ধকার রহস্য এবং একের পর এক ভয়ঙ্কর শত্রুর মুখোমুখি হবে ব্যাটম্যান। গথাম শহরকে রক্ষা করতে নতুন লড়াইয়ে নামবে সে। প্রাইম ভিডিয়োয় ৩১ জুলাই থেকে দেখা যাবে এই সিজ়ন।

৫) দ্য লেজেন্ড অব কর্ণ: মহাভারতের কর্ণকে কেন্দ্র করে তৈরি এই অ্যানিমেটেড ছবি। এক সাধারণ সারথির পরিবারে বড় হয়ে ওঠা থেকে শুরু করে পরাক্রমশালী যোদ্ধা হয়ে ওঠার পথ দেখানো হয়েছে কর্ণের চোখ দিয়ে। তাঁর অটুট আনুগত্য, অসাধারণ সাহস এবং সমাজের বৈষম্য ও ভাগ্যের বিরুদ্ধে আজীবনের সংগ্রামই এই ছবির মূল বিষয়। সোনি লিভে ৩১ জুলাই থেকে দেখা যাবে এই ছবি।

OTT platform

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy