Advertisement
E-Paper

নস্টালজিয়ায় ডুব ইমরানের হাত ধরে! যাওয়া যাবে কল্পবিশ্বেও, এ সপ্তাহের প্রেক্ষাগৃহে কী কী চমক?

প্রতি বছরের মতো এ বারও অগস্টে রয়েছে দেশাত্মবোধক ছবি। পাশাপাশি থাকছে অন্য ঘরানার ছবিও। টলিউড থেকে হলিউড, নানা স্বাদের ছবি রয়েছে এই সপ্তাহে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৬ ১০:১৪
প্রেক্ষাগৃহে এ বার কোন কোন ছবি?

প্রেক্ষাগৃহে এ বার কোন কোন ছবি? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

স্বাধীনতা দিবসের সপ্তাহে প্রেক্ষাগৃহে ভিড় জমান চলচ্চিত্রপ্রেমী মানুষ। প্রতি বছরের মতো এ বারও রয়েছে দেশাত্মবোধক ছবি। তবে থাকছে অন্য ঘরানার ছবিও। টলিউড থেকে হলিউড, নানা স্বাদের ছবি রয়েছে এই সপ্তাহে।

১) আওয়ারাপন ২: ইমরান হাশমী অভিনীত ‘আওয়ারাপন’ মুক্তি পেয়েছিল ২০০৭ সালে। সে সময়ে যদিও বক্সঅফিসে এই ছবি বড় সাফল্য পায়নি। কিন্তু সময়ের সঙ্গে ছবিটি দর্শকের মনে আলাদা জায়গা করে নেয়। শিবমের প্রেম, অপরাধবোধ, আত্মত্যাগ এবং মুক্তির গল্প ধীরে ধীরে হয়ে ওঠে একটি মনে রাখার মতো একটি ছবি। ছবির গানও সাড়া ফেলেছিল। ‘তেরা মেরা রিশতা’, ‘তো ফির আও’ আজও শ্রোতাদের মনে গেঁথে রয়েছে। সেই জনপ্রিয়তাই বহু বছর পরে ‘আওয়ারাপন ২’ নিয়ে আগ্রহ তৈরি করেছে। ইমরান হাশমী আবার শিবমের চরিত্রে ফিরছেন এবং তাঁর সঙ্গে রয়েছেন দিশা পটানী। তবে প্রথম ছবির পরিচালক মোহিত সুরী এ বার পরিচালনা করছেন না। মোহিত নিজেই জানিয়েছেন, তাঁকে ‘আওয়ারাপন ২’ পরিচালনার প্রস্তাব দেওয়া হয়নি। ছবিটি পরিচালনা করেছেন নিতিন কক্কড়।

২) বঁটওয়ারা ১৯৪৭: দেশভাগকে কেন্দ্র করে তৈরি ‘বঁটওয়ারা ১৯৪৭’-এর নেপথ্যে রয়েছে ভারতীয় ইতিহাস। রাজকুমার সন্তোষীর পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন সনী দেওল, প্রীতি জ়িন্টা, শবানা আজ়মী, কর্ণ দেওল এবং আলি ফজ়ল। ছবিটি আসলে শুধু দেশভাগের রাজনৈতিক ইতিহাস নয়, সেই সময়ে সাধারণ মানুষের জীবন কী ভাবে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল, সেই গল্পও বলতে চায়। লক্ষ লক্ষ মানুষকে ঘরবাড়ি ছেড়ে অজানা পথে পাড়ি দিতে হয়েছিল। ছবিতে সেই ভয়, অনিশ্চয়তা এবং মানবিকতার দিকটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ছবিটির আর একটি বড় আকর্ষণ আমির খানের প্রযোজনা এবং এ আর রহমানের সঙ্গীত। ছবিটি আগে ‘লাহৌর ১৯৪৭’ নামে পরিচিত ছিল। পরে নাম বদলে ‘বঁটওয়ারা ১৯৪৭’ রাখা হয়।

৩) কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত: নামের মধ্যেই ছবিটির চরিত্রের দ্বন্দ্ব স্পষ্ট। কেউ তাঁকে দেখেছেন বিপ্লবী হিসেবে, আবার কারও চোখে তিনি ডাকাত। ছবিটি তৈরি হয়েছে ভারতীয় বিপ্লবী অনন্ত সিংহের জীবন অবলম্বনে। জিৎ অভিনীত এই ছবির পরিচালনায় রয়েছেন পথিকৃৎ বসু। অনন্ত সিংহ ছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন আন্দোলনের সঙ্গে যুক্ত এক গুরুত্বপূর্ণ বিপ্লবী। স্বাধীনতার পরেও তাঁর জীবন ছিল ঘটনাবহুল। কারাবাস, রাজনৈতিক মতাদর্শের পরিবর্তন এবং পরবর্তী জীবনের নানা অধ্যায় তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। জিৎ ছাড়াও ছবিতে রয়েছেন টোটা রায়চৌধুরী, কৌশিক সেন এবং রজতাভ দত্ত।

৪) দ্য এন্ড অফ ওক স্ট্রিট: এক সকালে ঘুম থেকে ওঠার পরে দেখা যায়, গোটা এলাকা আর তার জায়গায় নেই। বরং রহস্যময় এক মহাজাগতিক ঘটনার ফলে পুরো ওক স্ট্রিট যেন ছিটকে চলে গিয়েছে অন্য এক অজানা জগতে। এই অদ্ভুত ভাবনাকেই কেন্দ্র করে তৈরি দ্য এন্ড অফ ওক স্ট্রিট। ছবির কেন্দ্রে প্ল্যাট পরিবার। বাবা গ্রেগের চরিত্রে ইওয়ান ম্যাকগ্রেগর এবং মা ডেনিসের চরিত্রে অ্যানি হ্যাথাওয়ে। তাঁদের সন্তানদের নিয়েও শুরু হয় বেঁচে থাকার লড়াই। ছবিতে কল্পবিজ্ঞান, অভিযান এবং পারিবারিক সম্পর্ক একসঙ্গে মিশে গিয়েছে।

৫) বিশ্বনাথ অ্যান্ড সন্‌স: সূর্য অভিনীত ‘বিশ্বনাথ অ্যান্ড সন্‌স’ নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে ইতিমধ্যেই। প্রথমত, শুধু দক্ষিণী চলচ্চিত্রজগতেই নয়, সারাদেশেই সূর্যের অসংখ্য ভক্ত। তা ছাড়া ছবির বিষয়েও রয়েছে চমক। ছবিতে আন্তর্জাতিক মানের এক শুটারের জীবন উঠে এসেছে। একজন খেলোয়াড় যখন নিজের স্বপ্ন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য খুঁজতে চেষ্টা করেন, তখন তৈরি হওয়া টানাপড়েনই ছবির অন্যতম আকর্ষণ। সূর্যকে এক নতুন চরিত্রে দেখা যাবে। ছবিটি মুক্তির আগেই আন্তর্জাতিক দর্শকের মধ্যেও কৌতূহল তৈরি করেছে। ভারতীয় ছবির সবচেয়ে প্রতীক্ষিত তালিকাতেও জায়গা পেয়েছে ‘বিশ্বনাথ অ্যান্ড সন্‌স’।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy