Advertisement
E-Paper

বিজয়ার বিষণ্ণতা দূর করতে ডুব দিতে পারেন হাস্যরসে! পর্দায় গা ছমছমে অনুভূতি আনবে কোন ছবি?

গত সপ্তাহে অর্থাৎ পুজোর ঠিক আগে একসঙ্গে মুক্তি পেয়েছে চারটি বাংলা ছবি ও বেশ কয়েকটি অন্য ভাষার ছবি। সেগুলি এখনও চলছে প্রেক্ষাগৃহে। তবে নতুন কয়েকটি ছবিও মুক্তি পাচ্ছে এই শুক্রবার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ০৯:৫৬
বিজয়ার মনখারাপ কাটুক ছবি দেখে!

বিজয়ার মনখারাপ কাটুক ছবি দেখে! ছবি: সংগৃহীত।

দুর্গাপুজো শেষ মানেই আবার এক বছরের অপেক্ষা আর মনখারাপ। মণ্ডপের আলো নিবেছে, শহরের রাস্তায় ফিরছে চেনা ছন্দ। পুজোর ছুটির ফুরফুরে মেজাজটাও যেন একটু একটু করে ফিকে হচ্ছে। এই সময়ে প্রেক্ষাগৃহে ছবি দেখার চেয়ে ভাল উপায় আর কী! গত সপ্তাহে অর্থাৎ পুজোর ঠিক আগে একসঙ্গে মুক্তি পেয়েছে চারটি বাংলা ছবি ও বেশ কয়েকটি অন্য ভাষার ছবি। সেগুলি এখনও চলছে প্রেক্ষাগৃহে। তবে নতুন কয়েকটি ছবিও মুক্তি পাচ্ছে এই শুক্রবার।

১) উড়তা তীর: বিজয়ার মনখারাপ ভুলতে যদি দরকার হয় টানটান গতি, হাস্যরস আর অ্যাকশন, তা হলে নজর রাখা যায় ‘উড়তা তীর’-এর উপরে। আকাশ কৌশিকের পরিচালনায় ছবিতে রয়েছেন আয়ুষ্মান খুরানা ও সারা অলী খান। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে গুলশন গ্রোভার ও রাহুল বসুকেও। ছবিটি স্পাই-কমেডি ঘরানার। অর্থাৎ গুপ্তচরের কাহিনির সঙ্গে মিশবে হাস্যরস। পরিচালকের এটি প্রথম ছবি। ফলে চেনা অভিনেতাদের নতুন ধরনের চরিত্রে দেখার কৌতূহলও থাকছে।

২) পহলা প্যার দুসরী বার: প্রথম প্রেম কি সত্যিই প্রথম বারেই শেষ হয়ে যায়? স্কুলজীবনের বন্ধুত্ব, পুরনো অনুভূতি আর সময়ের সঙ্গে বদলে যাওয়া সম্পর্ককে কেন্দ্র করে তৈরি অনুজ সইনীর পরিচালিত এই ছবি। অভিনয়ে অলীশা চোপড়া, স্পর্শ ওয়ালিয়া ও সাক্ষী বৈদ্য রয়েছেন। স্কুলের রিইউনিয়ন অনুষ্ঠান যে পুরনো স্মৃতির দরজা খুলে দিতে পারে, সেই পরিস্থিতি থেকেই গল্পের সূত্রপাত। পুরনো সম্পর্ক কি নতুন করে শুরু করা যায়, না কি সময়ের সঙ্গে মানুষ এতটাই বদলে যায় যে ফিরে যাওয়া আর সম্ভব হয় না? সেই প্রশ্নই ছবির অন্যতম আকর্ষণ। বিজয়ার পরে পুরনো বন্ধুদের কথা মনে পড়লে, অথবা ফেলে আসা কোনও সম্পর্কের স্মৃতি উঁকি দিলে, এই ছবি দেখা যেতেই পারে।

৩) তুম মেরে হো: প্রেমের গল্পে বাধা আসে, ভুল বোঝাবুঝি তৈরি হয়। সম্পর্কের নানা পরীক্ষা ও চড়াই-উতরাই চলে। আশীষ পান্ডা পরিচালিত ‘তুম মেরে হো’ ছবিতেও উঠে আসবে এমন প্রেমের গল্প। অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা গুরমীত চৌধরী, ঈশা মালবীয়। এক দুঃসাহসী স্কাইডাইভারের জীবনে প্রেম আসে নতুন মোড় নিয়ে। সেই প্রেম বিয়ে পর্যন্ত গড়ালেও জটিলতা তৈরি হয়। ব্যক্তিগত সিদ্ধান্ত এবং সম্পর্কের টানাপড়েন গল্পকে এগিয়ে নিয়ে যায়। প্রেমের সঙ্গে রোমাঞ্চের মিশেল যাঁদের পছন্দ, তাঁদের জন্য ছবিটি হতে পারে সপ্তাহান্তের সঙ্গী।

৪) ক্লেফেস: প্রেম বা কমেডি নয়, আতঙ্ক আর শরীর বদলে যাওয়ার ভয় রয়েছে এই ছবিতে। ‘ক্লেফেস’ পরিচালনা করেছেন জেমস ওয়াটকিনস। টম রাইস হ্যারিস অভিনয় করেছেন। সেই সঙ্গে রয়েছেন নাওমি অ্যাকি, ডেভিড ডেনসিক ও এডি মারসান। এক অভিনেতার উত্থান থমকে যায় মুখ বিকৃত হওয়ার পরে। নিজেকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পরীক্ষামূলক চিকিৎসার আশ্রয় নেয় সে। কিন্তু সেই চিকিৎসা তার চেহারা ফেরানোর পাশাপাশি অন্য এক টানাপড়েন তৈরি করে। ক্রমে প্রতিশোধের নেশা তাকে গ্রাস করে।

৫) হোপ: পুজোর পরের সপ্তাহে রহস্যের গভীরে যেতে চাইলে তালিকায় থাকুক না হং-জিন পরিচালিত কোরিয়ার সায়েন্স-ফিকশন থ্রিলার ‘হোপ’। এক প্রত্যন্ত এলাকায় একটি ষাঁড়ের ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায় এবং সেখান থেকেই শুরু হয় বিপর্যয়। স্থানীয়দের জীবনে নেমে আসে বিপদ। স্বাভাবিক জীবনযাত্রা ভেঙে পড়তে থাকে, আর বেঁচে থাকার লড়াই হয়ে ওঠে গল্পের কেন্দ্র।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy