১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পাচ্ছে একাধিক ছবি। বাংলা ছবি ‘ঘুণ গাঁও’ থেকে অক্ষয় কুমার ও সইফ অলী খানের ‘হ্যায়ওয়ান’— নানা স্বাদের ছবি রয়েছে দর্শকের জন্য। গত কয়েক সপ্তাহের কয়েকটি ছবি প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে। তার মধ্যেই মুক্তি পাচ্ছে আরও একগুচ্ছ ছবি।
১) হ্যায়ওয়ান: প্রিয়দর্শনের ‘হ্যায়ওয়ান’ একটি ক্রাইম থ্রিলার। সইফ অলী খানকে দেখা যাবে দৃষ্টিহীন এক মার্শাল আর্ট বিশেষজ্ঞের চরিত্রে। এক তরুণীকে এক ভয়ঙ্কর খুনির হাত থেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে জটিল এক রহস্যে জড়িয়ে পড়ে তাঁর চরিত্র। সেই খুনির ভূমিকায় অক্ষয় কুমার। অক্ষয়কে এমন চরিত্রে আগে খুব বেশি দেখা যায়নি। ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা জানিয়েছেন, তাঁর চরিত্রটি একেবারেই অন্য রকম। প্রিয়দর্শনও বলেছেন যে, এই ছবির মাধ্যমে তিনি থ্রিলার ঘরানায় নতুন অধ্যায় শুরু করতে চাইছেন। ছবির আর একটি বড় আকর্ষণ অক্ষয় ও সইফের জুটি। প্রায় ১৭ বছর পর ফের একসঙ্গে পর্দায় দেখা যাবে দুই অভিনেতাকে।
২) ঘুণ গাঁও: বাংলা ছবির তালিকায় রয়েছে সৌম্য রায়চৌধুরীর ‘ঘুণ গাঁও’। অন্ধকার, রহস্য এবং ভয়ের মিশেলে তৈরি এই ছবি। গল্পের কেন্দ্রে শনায়া, এক বন্যপ্রাণী চিত্রগ্রাহক। বিরল কালো চিতাবাঘের ছবি তুলতে সে একা পৌঁছোয় প্রত্যন্ত ঘুণ গাঁওয়ে। কিন্তু জঙ্গলের গভীরে যেতে যেতে বুঝতে পারে, সেখানে শুধু বন্যপ্রাণীর ভয় নেই, লুকিয়ে রয়েছে আরও ভয়ঙ্কর কোনও রহস্য। ছবিতে অভিনয় করেছেন অনিন্দিতা বসু, রণজয় বিষ্ণু, শ্রীতমা দে, রোহিণী চট্টোপাধ্যায়-সহ অনেকে। ‘ঘুণ গাঁও’ সৌম্য রায়চৌধুরীর প্রথম বড়পর্দার ছবি। এর আগে ওয়েব সিরিজ় এবং স্বল্পদৈর্ঘ্যের ছবি নিয়ে কাজ করেছেন তিনি।
৩) ফল ২: ডেডপয়েন্ট: ২০২২ সালের ‘ফল’ ছবির পর ফের ফিরছে সেই উচ্চতার আতঙ্ক। এ বার অবশ্য পরিত্যক্ত রেডিয়ো টাওয়ার নয়, গল্পের পটভূমি তাইল্যান্ডের মাউন্ট কুয়ান। জ্যাক্স হান্টার তার বোন শিলোর মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারছে না। বোনের ঘনিষ্ঠ বন্ধু লুসের সঙ্গে সে পাহাড়ে ওঠার সিদ্ধান্ত নেয়। কিন্তু ভয়ঙ্কর এক পাথরধসে তারা হাজার হাজার ফুট উপরে একটি সরু কাঠের পাটাতনে আটকে পড়ে। নীচে নামার পথ নেই, চার দিকে শুধু গভীর খাদ। বাঁচতে হলে নিজেদের ভয়কেই জয় করতে হবে তাঁদের। প্রথম ছবির সাফল্যের অন্যতম কারণ ছিল বাস্তব উচ্চতা ব্যবহার করে দর্শকের মধ্যে আতঙ্ক তৈরি করা। দ্বিতীয় ছবিতেও সেই কৌশল বজায় রাখা হয়েছে।
৪) লাস্ট ম্যান ইন টাওয়ার: মুম্বইয়ের এক পুরনো আবাসনকে ঘিরে গল্প। আবাসনের বাসিন্দাদের প্রত্যেককে বিপুল টাকা দিয়ে বাড়ি ছেড়ে দিতে রাজি করিয়ে ফেলে এক নির্মাণসংস্থা। কিন্তু এক জন রাজি নয়। অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ‘মাস্টারজি’। তার একার আপত্তিতেই আটকে যায় গোটা পুনর্নির্মাণ প্রকল্প। মাস্টারজির চরিত্রে মনোজ বাজপেয়ী। সঙ্গে রয়েছেন বোমান ইরানি ও দিব্যা দত্ত।