একসময় দক্ষিণী সিনেমা থেকে বলিউড— সর্বত্রই জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী অসিন তোট্টুমকল। তামিল ও তেলুগু ছবিতে নিজের জায়গা পাকা করার পর ২০০৮ সালে আমির খানের বিপরীতে ‘গজনী’ ছবির মাধ্যমে বলিউডে পরিচিতি পান তিনি। ছবিটি দেশের বক্সঅফিসে ১০০ কোটি টাকার ব্যবসা করা প্রথম হিন্দি ছবি। কেরিয়ারে সাফল্য পেলেও ২০১৬ সালে মাইক্রোম্যাক্সের সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে বিয়ে করার পর অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ান অসিন। তার পর থেকে অনেকটাই আড়ালে রেখেছেন নিজের ব্যক্তিগত জীবন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অসিনের সঙ্গে নিজের সম্পর্ক এবং তাঁদের সংসার নিয়ে মুখ খুলেছেন রাহুল। জীবনের কঠিন সময়ে স্ত্রী কী ভাবে তাঁকে সাহস জোগান, সে কথাও জানিয়েছেন তিনি। পাশাপাশি, তাঁদের মেয়ের বড় হয়ে ওঠা নিয়েও বেশ কিছু তথ্য ভাগ করে নিয়েছেন রাহুল। অসিন এখন কী করছেন?
এখন কী করেন অসিন?
অসিনের প্রশংসা করে রাহুল বলেন, “অসিনকে বিয়ে করাটা আমার জীবনের সবচেয়ে ভাল সিদ্ধান্তগুলির অন্যতম। ও আমার শক্তি। যখনই কোনও সমস্যা হয়, ও বলে, ‘চিন্তা কোরো না, তুমি এগিয়ে চলো।’ আমার উচ্চাকাঙ্ক্ষা এবং কাজের প্রতি আমার আবেগ— সবকিছুই ও বোঝে। ও আমাকে অন্ধের মতো বিশ্বাস রাখে। জীবনে এমন মানুষ পাশে থাকলে সবকিছু অনেক সহজ হয়ে যায়।”
জীবনসঙ্গীর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, তা বোঝাতে গিয়ে রাহুল আরও বলেন, “আমাদের জীবনসঙ্গী এমন একজন হওয়া উচিত, যিনি আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন, পিছন থেকে টেনে ধরবেন না।” বন্ধুত্বের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য বলে মনে করেন তিনি। রাহুলের কথায়, “অসিন আমার জীবনে সেই মানুষ, যে আমাকে এগিয়ে যেতে সাহায্য করে। আমার জীবনে ওর অবদান কতটা, তা ভাষায় বোঝানো সম্ভব নয়।”
কাজের জগতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাঁকে। তবে সংসারের অন্দরের দায়িত্বগুলি অসিন সামলান বলেই জানিয়েছেন রাহুল। তাঁর কথায়, “আপনি শুধু বাইরের জগতেই লড়াই করছেন না, বাড়ির ভিতরেও একই রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আমাদের সংসারে বাড়ির ভিতরের দায়িত্বগুলি অসিনই সামলায়। আমার জীবনে ওর মতো মানুষ আমি কখনও দেখিনি।”
‘গজনী’ ছবির একটি দৃশ্যে অসিন এবং আমির।
কেরলের বাসিন্দা অসিনের অভিনয়জগতে পথচলা শুরু হয়েছিল বিজ্ঞাপনের মাধ্যমে। ২০০১ সালে মলয়ালম ছবি ‘নরেন্দ্রন মকন জয়কান্তন ওয়াকা’র মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। এর পর ২০০৩ সালে রবি তেজার বিপরীতে তেলুগু ছবি ‘অম্ম নান্ন ও তমিল অম্মায়ি’তে অভিনয় করে নজর কাড়েন।
২০০৮ সালে আমিরের বিপরীতে ‘গজনী’তে অভিনয়ের মাধ্যমে হিন্দি ছবিতে আত্মপ্রকাশ করেন অসিন। ছবিটি ছিল একই নামের তামিল ছবির হিন্দি সংস্করণ, যেখানে মূল ছবিতে অভিনয় করা চরিত্রটিই হিন্দি ছবিতে ফের পর্দায় ফুটিয়ে তোলেন তিনি।
এর পর সলমন খানের সঙ্গে ‘লন্ডন ড্রিমস’ (২০০৯) এবং ‘রেডি’-তে (২০১১) অভিনয় করেন তিনি। ২০১২ সালে অক্ষয় কুমারের সঙ্গে ‘হাউসফুল ২’ এবং ‘খিলাড়ি ৭৮৬’-তে দেখা যায় তাঁকে। একই বছর অজয় দেবগনের বিপরীতে ‘বোল বচ্চন’-এও অভিনয় করেন তিনি।
২০১৫ সালে মুক্তি পায় অসিনের শেষ ছবি ‘অল ইজ় ওয়েল’। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন অভিষেক বচ্চন। এর পর ২০১৬ সালে রাহুলকে বিয়ে করে অভিনয় থেকে সরে দাঁড়ান অভিনেত্রী। এখন সংসার এবং মেয়েকে বড় করে তোলার দিকেই বেশি মনোযোগী তিনি।