মাত্র কয়েক ঘণ্টার ব্যবধান। তার মধ্যেই বদলে গেল সব কিছু। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে হরিয়ানার সঙ্গীতশিল্পী অঙ্কিত বালিয়ানের শেষ ইনস্টাগ্রাম ভিডিয়ো নতুন করে নজরে এসেছে অনুরাগীদের। কারণ, মৃত্যুর কিছুক্ষণ আগেই সেই ভিডিয়োয় তাঁকে এমন একটি গান গাইতে দেখা গিয়েছিল, যার কথায় রয়েছে খুনের প্রসঙ্গ।
৩৫ বছরের অঙ্কিতকে বুধবার, ২৬ অগস্ট উত্তরপ্রদেশের শামলী জেলায় গুলি করে খুন করা হয় বলে খবর। তার ঘণ্টাখানেক আগে, কিংবা তারও কিছুটা আগে, সমাজমাধ্যমে শেষ ভিডিয়োটি প্রকাশ করেছিলেন গায়ক। সেখানে বেশ স্বাভাবিক, হাসিখুশি ভঙ্গিতেই একটি গান গাইতে দেখা যায় তাঁকে।
আরও পড়ুন:
গানের একটি পঙ্ক্তির অর্থ, ‘‘রাস্তায় খুন করে দাও।’’ অঙ্কিতের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর সেই ভিডিয়োতেই বার বার ফিরে যাচ্ছেন অনুরাগীরা। ভিডিয়োটি প্রকাশ এবং তার কিছুক্ষণের মধ্যেই গায়কের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা— দুইয়ের এই অদ্ভুত মিলই তৈরি করেছে অস্বস্তি। যদিও গানটির সঙ্গে তাঁর হত্যার কোনও যোগ রয়েছে কি না, সে বিষয়ে এখনও কোনও প্রমাণ মেলেনি।
খবর, সন্ধ্যা ৭টা নাগাদ শামলী কোতওয়ালি এলাকার একটি শারীরচর্চা কেন্দ্র থেকে বেরোচ্ছিলেন অঙ্কিত। সেই সময়েই কয়েক জন সশস্ত্র দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিন থেকে চার জন হামলাকারী ছিল। পর পর বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
গুলিবিদ্ধ অবস্থায় অঙ্কিতকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দাদের একাংশ প্রতিবাদেও শামিল হন।
ইতিমধ্যেই সমাজমাধ্যমে একটি পোস্ট প্রকাশ্যে এসেছে, যেখানে গোগী গ্যাংয়ের নামে অঙ্কিতকে খুনের দায় স্বীকারের দাবি করা হয়েছে। পোস্টটির সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। গোগী গ্যাংয়ের এক সদস্য বলে পরিচিত ভোলু শাহপুরিয়ার একটি পোস্ট সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। সেখানে লেখা রয়েছে, ‘‘এটা সবে শুরু। সকলের পালা আসবে।’’ অঙ্কিতের মতো আরও ঘটনা ঘটবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, উত্তরপ্রদেশ পুলিশকেও চ্যালেঞ্জ ছুড়েছেন ভোলু (যদিও সেই সমাজমাধ্যম পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।