দীর্ঘ ১৩-১৪ বছরের সম্পর্কের পর হিনা খান এবং রকি জয়সওয়াল বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। ঘরোয়া আয়োজনে বিয়ে সারার পরেই অবশ্য তাঁদের নিয়ে শুরু হয় নানা জল্পনা। বিশেষ করে ‘পতি, পত্নী অউর পঙ্গা’ রিয়্যালিটি শোয়ে একসঙ্গে তাঁরা আসার পরে অনেকে দাবি করেছিলেন, শোয়ের প্রচারের জন্যই নাকি বিয়ে করেছিলেন তাঁরা। সম্প্রতি নিজের পডকাস্টে সেই জল্পনার জবাব দিলেন হিনা এবং রকি।
হিনার বক্তব্য, তাঁদের বিয়ের সঙ্গে কোনও প্রচার কৌশলের সম্পর্ক নেই। অভিনেত্রীর কথায়, “আমরা জানি, সত্যিটা কী। কেউ যদি সব কিছু প্রচারের দৃষ্টিভঙ্গি থেকে দেখে, তা হলে আসল কারণটাই হারিয়ে যায়।” হিনা জানান, বিয়ের পরিকল্পনা হয়েছিল অনেক আগেই। এমনকি, বিয়ের দিনক্ষণও আগে থেকে ঠিক করা ছিল। তাঁদের বিয়ে হয়েছে ‘স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট’-এর অধীনে। তাই হঠাৎ করে কোনও সিদ্ধান্ত নেওয়ার সুযোগও ছিল না।”
আরও পড়ুন:
তখন জীবনের অন্যতম কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন হিনা। স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। সেই সময়ে তাঁদের সম্পর্কেরও কঠিন পরীক্ষা হয়েছিল। হিনা জানান, শুধু তাঁর নিজের অসুস্থতা নয়, রকির মায়ের অসুস্থতাও তাঁদের জীবনে গভীর প্রভাব ফেলেছিল। সেই কঠিন সময়ে রকিকে অন্য কাউকে বিয়ে করার কথাও বলেছিলেন হিনা। অভিনেত্রীর কথায়, “আমি ওকে বলেছিলাম, তুমি অন্য কাউকে বিয়ে করে নাও। সব কিছু আর আগের মতো থাকবে না।”
কেন এমন কথা বলেছিলেন? হিনার ব্যাখ্যা, তিনি চেয়েছিলেন রকি যেন নিজের সুখের কথা ভেবে সিদ্ধান্ত নিতে পারেন। অভিনেত্রীর কথায়, “আমি ওকে এতটাই ভালবাসি যে, ওর সুখ আমার সঙ্গে থাকার থেকেও বেশি গুরুত্বপূর্ণ।”
তবে রকি তাঁর পাশ থেকে সরে যাননি। বরং হিনার কঠিন চিকিৎসার সময়ে প্রতিটি পরিস্থিতিতে সঙ্গ দিয়েছেন। হিনার কথায়, “রকি ছাড়া আমার পক্ষে এত কিছু করা সম্ভব হত না। ও সব কিছু সহজ করে দিয়েছিল।”