Advertisement
E-Paper

‘বিগ বস্‌ ২০’ সঞ্চালনা করে কত টাকা নিচ্ছেন সলমন খান? আগের চেয়ে তাঁর পারিশ্রমিক বাড়ল না কি কমল?

খেলার নিয়ম বদলালেও রিয়্যালিটি শোয়ের সঞ্চালক হিসাবে সলমনের উপস্থিতি একই রকম গুরুত্বপূর্ণ। এই রিয়্যালিটি শো-এর সঞ্চালকের ভূমিকায় অনুরাগীরা সলমন ছাড়া অন্য কাউকে ভাবতেই পারেন না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৩
এ বার কত টাকা নিচ্ছেন সলমন?

এ বার কত টাকা নিচ্ছেন সলমন? ছবি: সংগৃহীত।

১৫ বছরেরও বেশি সময় ধরে সলমন খান ‘বিগ বস্‌’ সঞ্চালনা করছেন। প্রতি সিজ়নে ‘বিগ বস্‌’ বাড়ির থিম, প্রতিযোগী এবং খেলার নিয়ম বদলালেও রিয়্যালিটি শোয়ের সঞ্চালক হিসাবে সলমনের উপস্থিতি একই রকম গুরুত্বপূর্ণ। এই রিয়্যালিটি শো-এর সঞ্চালকের ভূমিকায় অনুরাগীরা সলমন ছাড়া অন্য কাউকে ভাবতেই পারেন না।

‘বিগ বস্‌’-এর ‘উইকএন্ড কা ওয়ার’ পর্ব এখনও অন্যতম প্রধান আকর্ষণ। সলমনের কড়া মন্তব্য, রসিকতা এবং সপ্তাহান্তে প্রতিযোগীদের মুখোমুখি হওয়া দেখে মুগ্ধ হয়ে যান দর্শক। নতুন সিজ়ন শুরু হওয়ার আগে বরাবরই সলমন খানের পারিশ্রমিক নিয়ে জল্পনা শুরু হয়।

চ্যানেল বা প্রযোজনা সংস্থা অবশ্য সলমনের পারিশ্রমিক প্রকাশ্যে জানায়নি। তবে বিভিন্ন সূত্র অনুযায়ী, গত কয়েক বছরে ‘বিগ বস্‌’ সঞ্চালনার জন্য সলমনের পারিশ্রমিক উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। শুরুর দিকে যেখানে প্রতি পর্বে কয়েক কোটি টাকা পারিশ্রমিক নিতেন তিনি, সাম্প্রতিক সিজ়নগুলিতে সেই অঙ্ক কয়েকশো কোটিতে পৌঁছেছে বলে খবর।

‘বিগ বস্‌ ১৩’-কে এখনও শো-এর ইতিহাসের অন্যতম লাভজনক সিজ়ন বলে মনে করা হয়। সেই সিজ়নে ছিলেন সিদ্ধার্থ শুক্ল, শাহনাজ় গিল, আসিম রিয়াজ় এবং রশ্মি দেশাইয়ের মতো প্রতিযোগীরা। সেই সময়ে প্রতি পর্বে প্রায় ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিতেন সলমন। সিজ়নটি বিপুল জনপ্রিয় হয়েছিল দর্শকের মধ্যে, তাই দীর্ঘায়িত করা হয়েছিল। তাই তাঁর মোট আয় প্রায় ৬২০ কোটি টাকার কাছাকাছি বলেও শোনা গিয়েছিল। যদিও সলমন বা নির্মাতার এ ব্যাপারে কেউ কিছু বলেননি।

এ বার প্রশ্ন উঠছে, ‘বিগ বস্‌ ২০’র জন্য কত টাকা নিচ্ছেন সলমন খান? বিভিন্ন সূত্রের দাবি, ‘বিগ বস্‌ ২০’র জন্য সলমনের মোট পারিশ্রমিক ১২০ কোটি থেকে ১৫০ কোটি টাকার মধ্যে হতে পারে।

প্রতি ‘উইকএন্ড কা ওয়ার’ অর্থাৎ সপ্তাহান্তে হাজির হন সলমন। প্রতিটি পর্বের জন্য তাঁর পারিশ্রমিক ৮ কোটি থেকে ১০ কোটি টাকা বলে শোনা যাচ্ছে।

‘বিগ বস্‌ ২০’ শুরু হচ্ছে শুক্রবার থেকে। এই সিজ়নে মেরি কম থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। তিনি ছাড়াও অমান গাঁধী, মাহী ভিজ ও রিয়া আহিরেরও থাকার কথা।

Salman Khan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy