Advertisement
E-Paper

‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েলে নতুন কেউ থাকবেন না, দীপিকার চরিত্রের কী ভবিষ্যৎ? বললেন পরিচালক

‘কল্কি ২৮৯৮ এডি’-র প্রথম পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন দীপিকা। তাঁর চরিত্রকে ঘিরেই ছবির গল্পের বড় একটি অংশ এগিয়েছিল। কিন্তু দ্বিতীয় পর্বের শুটিং শুরুর আগে প্রযোজনা সংস্থা জানিয়ে দেয়, সিক্যুয়েলে দীপিকা থাকছেন না। এখন পরিচালক জানাচ্ছেন, দ্বিতীয় ছবিতে নতুন কোনও সংযোজন হবে না। তা হলে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৫
আবার আলোচনায় ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে দীপিকার চরিত্র।

আবার আলোচনায় ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে দীপিকার চরিত্র। ছবি: সংগৃহীত।

‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েলে বড় কোনও নতুন সংযোজন হচ্ছে না— এ কথা স্পষ্ট করে দিলেন পরিচালক নাগ অশ্বিন। ফলে ফের প্রশ্ন উঠছে, প্রথম ছবিতে দীপিকা পাড়ুকোন যে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন, সেই চরিত্রটি সিক্যুয়েলে কে করবেন? এখনও পর্যন্ত যা ইঙ্গিত, দীপিকার জায়গায় নতুন কোনও অভিনেত্রীকে নেওয়া হচ্ছে না। তা হলে কি চরিত্রটা বাদ পড়বে? কিন্তু, চিত্রনাট্য হিসাবে তা কি আদৌ সম্ভব?

সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির দ্বিতীয় ভাগ প্রসঙ্গে নাগ বলেন, “এ বার নতুন কোনও সংযোজন নেই। আমরা যে গল্পটা শুরু করেছিলাম, সেটাই এগিয়ে নিয়ে যাচ্ছি। আর গল্পে ইতিমধ্যেই এত চরিত্র রয়েছে।”

‘কল্কি ২৮৯৮ এডি’-র প্রথম পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন দীপিকা। তাঁর চরিত্রকে ঘিরেই ছবির গল্পের বড় একটি অংশ এগিয়েছিল। কিন্তু দ্বিতীয় পর্বের শুটিং শুরুর আগে প্রযোজনা সংস্থা জানিয়ে দেয়, সিক্যুয়েলে দীপিকা থাকছেন না। সমাজমাধ্যমে একটি বিবৃতি দিয়ে তারা লিখেছিল, “আনুষ্ঠানিক ভাবে জানাচ্ছি যে, দীপিকা পাড়ুকোন ‘কল্কি ২৮৯৮ এডি’-র আসন্ন সিক্যুয়েলের অংশ হবেন না। সমস্ত দিক বিবেচনা করার পর আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রথম ছবিটি তৈরির দীর্ঘ যাত্রা সত্ত্বেও আমরা একমত হতে পারিনি। আর এই ছবি দায়বদ্ধতা এবং তার থেকেও বেশি কিছু দাবি করে। অভিনেত্রীর ভবিষ্যতের কাজের জন্য আমরা শুভেচ্ছা জানাই।”

এই খবর প্রকাশ্যে আসে সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ থেকে দীপিকার বেরিয়ে যাওয়ার কয়েক দিন পরেই। শোনা যায়, দীপিকা দৈনিক আট ঘণ্টার বেশি কাজ না করার শর্ত দেন যা সন্দীপ মানেননি। ফলে ওই ছবি তাঁকে ছাড়তে হয়। অন্য দিকে, ‘কল্কি’র ক্ষেত্রে শোনা যায়, দীপিকা পারিশ্রমিক বাড়িয়ে দেন, সেই কারণে তাঁকে ছবি থেকে সরানো হয়। এমনও শোনা যায়, দ্বিতীয় ভাগে অভিনেত্রীর চরিত্র এতই ছোট করে দেওয়া হয় যে, তিনি সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। আসল কারণ যদিও স্পষ্ট নয়।

বর্তমানে শাহরুখ খানের ‘কিং’ এবং অল্লু অর্জুনের ‘রাকা’— এই দুটি ছবির কাজে ব্যস্ত দীপিকা। সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন তিনি।

এ দিকে একই সাক্ষাৎকারে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়েলের শুটিং নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন নাগ অশ্বিন। তিনি জানান, কমল হাসন এবং অমিতাভ বচ্চনের বেশ কিছু আলাদা দৃশ্য চলতি বছরের শুরুতেই শুট করা হয়েছে। ফেব্রুয়ারিতে দুই কিংবদন্তি অভিনেতা একসঙ্গেও শুটিং করেছেন। তবে প্রভাসের ব্যস্ততার কারণে ছবির পূর্ণাঙ্গ শুটিং শুরু করতে কিছুটা দেরি হয়। অন্য ছবির কাজ শেষ করার কারণে প্রভাসের সময় পাওয়া যাচ্ছিল না। এখন সেই সমস্যা মিটেছে।

নাগ বলেন, “আমরা অক্টোবরের মাঝামাঝি থেকে নিয়মিত শুটিং শুরু করব। এখন সমস্ত শিল্পীর সময় পাওয়া গিয়েছে। আশা করছি, আগামী বছরের মাঝামাঝি পুরো শুটিং শেষ করে পোস্ট-প্রোডাকশনে চলে যেতে পারব।” ছবিটি ২০২৮ সালে মুক্তি পাবে কি না জানতে চাওয়া হলে পরিচালকের উত্তর, “মনে হচ্ছে ২০২৮-ই হবে, নিশ্চিত ভাবেই।”

ছবির প্রথম ভাগ ২০২৪ সালে মুক্তি পেয়েছিল। বিশ্বব্যাপী বক্সঅফিসে ছবিটি ১১০০ কোটিরও বেশি টাকা আয় করে।

Deepika Padukone Kalki 2898 AD Nag Ashwin

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy