‘দাদাগিরি’ নামটা শুনলেই অনিবার্য ভাবে দর্শকের মনে আসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা। কিন্তু এ বার নতুন ‘দাদা’ হিসাবে চ্যালেঞ্জ নিয়েছেন দেব। যদিও নিজেকে ‘দাদা’ বলতে নারাজ তিনি। বরং তাঁর মুখে ফিরে ফিরে আসছে সৌরভেরই নাম। তিনি বার বারই বলছেন, সকলের দাদা এক জনই, তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘দাদাগিরি’ শুনলেই মনে পড়ে এটির টাইটেল ট্র্যাকের কথা, যা খুবই জনপ্রিয় হয় দর্শকমহলে। প্রতিটি পর্বে মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রবেশ আর সেইসঙ্গে অরিজিৎ সিংয়ের কণ্ঠস্বর যেন ছিল একে অপরের পরিপূরক। এই বার সেই শূন্যস্থান পূরণের চ্যালে়ঞ্জ এসে পড়েছে ঈশান মিত্রের কাঁধে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘দাদাগিরি’ ছিল ক্রীড়াজগতে। আর দেবের লড়াইয়ের সফর টলিউড ইন্ডাস্ট্রি ঘিরে। ফলে গানের সুর এক থাকলেও দেবের জগৎকে ভিন্ন মাত্রা দিতে নতুন কথায় তৈরি হয়েছে নতুন গান। সেই গানে কখনও উঠে এসেছে দেবের বক্সঅফিস জমানার গল্প, কখনও আবার উঠে এসেছে তাঁর ভক্তদের উন্মাদনার ধ্বনি। পুরনো ‘দাদাগিরি’তে অরিজিতের সেই বিখ্যাত গানের বদলে নতুন গান তৈরি করতে বেশ চ্যালেঞ্জের মুখেই পড়তে হয়েছিল সঙ্গীতশিল্পী ঈশান মিত্রকে।
আরও পড়ুন:
আনন্দবাজার ডট কম-এর তরফ থেকে ঈশানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘অরিজিৎ সিংহের কণ্ঠে এই গান বহু বার শুনেছি। অভিজিৎ সেন এক দিন অফিসে ডেকে আমাকে পুরোটা বুঝিয়ে বলেন। গানের কথা ওঁরাই দিয়েছিলেন। দেবদা’র ইমেজ মাথায় রেখেই আমার টিমের সঙ্গে বসে ট্র্যাকটা বানালাম। গান বানানোর পর অভিজিৎ সেন কিছু ইনপুট দেন। সেগুলো বদলে আসল ট্র্যাকটা তৈরি হয়।’’
ট্র্যাক তৈরির পর দেবকেও গানটি শুনিয়েছিলেন ঈশান। সঙ্গীতশিল্পী যোগ করেন, ‘‘মহারাজ যেমন ক্রিকেটের প্রতিনিধিত্ব করেছিলেন, তেমনই সিনেমার মঞ্চে দেবদা প্রতিনিধিত্ব করছেন। তাঁরা নিজ নিজ ক্ষেত্রে ‘দাদা’। তাই সিনেমা, অ্যাকশন, বক্সঅফিস— এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে নতুন গানে। তবে গানের প্রথম লাইনটা বদলানো হয়নি। কারণ, সৌরভ গঙ্গোপাধ্যায়ের এতদিনের উপস্থিতিকে মাথায় রেখেই ওই লাইনটা দিয়ে শুরু করা হয়েছে গান। বিশেষ করে আমার মাথায় ছিল অরিজিৎ সিংহ আগের গানটা গেয়েছিলেন। তাই আমি আমার মতো করে গেয়েছি। কপি করতে চাইনি, এ-ও চাইনি কোনও তুলনা আসুক। যাতে একটা স্বতন্ত্র কণ্ঠস্বর মনে হয়, সেই চেষ্টা করেছি। গানটা বানাতে এক সপ্তাহ মতো সময় পেয়েছিলাম। এখন তো গানটা সকলেই শুনছে। অরিজিৎ সিংয়ের প্রতি সম্মান রেখে গান গাইতে চেয়েছিলাম। সবাই নতুন গানটাকে নতুনের মতো করেই গ্রহণ করেছেন এটাই পাওয়া।’’