অসুস্থতা নিয়েই দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিয়েছিলেন শবানা আজ়মী। স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার। তবে স্ত্রীর সিদ্ধান্তে তিনি অবাক হননি।
নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরে ছাত্রদের সঙ্গে বিক্ষোভে যোগ দিয়েছিলেন প্রবীণ অভিনেত্রী। বলিউডের হাতে গোনা কয়েক জন তারকাই সেই সময় সরাসরি আন্দোলনে শামিল হয়েছিলেন। সাক্ষাৎকারে জাভেদ জানান, শবানার জীবনে প্রতিবাদ কোনও নতুন বিষয় নয়। সমাজের বিভিন্ন বিষয় নিয়ে তাঁর সরব হওয়ার ইতিহাস অনেক পুরনো। তাঁদের সম্পর্ক তৈরি হওয়ার আগে থেকেই এই স্বভাব ছিল শবানার।
জাভেদ জানান, তিনি যখন লন্ডনে ছিলেন, তখন শবানা ফোন করে তাঁকে জানান যে তিনি দিল্লিতে প্রতিবাদে যোগ দিতে যাচ্ছেন। জাভেদ বলেন, “লন্ডনে থাকাকালীন শবানা আমাকে ফোন করে জানাল, সে প্রতিবাদে যোগ দিতে দিল্লি যাচ্ছে। ও যখন বলল, তখনই বুঝেছিলাম যে, ও যাবেই। এটা বিবেকের ডাক। আমি এক বারও ওকে আটকাইনি বা দ্বিতীয় বার ভাবতে বলিনি।”
আরও পড়ুন:
জাভেদের মতে, অতীতের শবানা জেগে উঠেছিলেন। তাঁর কথায়, “ওকে কেউ আটকাতে পারবে না। আর ও গিয়ে ভালই করেছিল। আমি ওকে নিয়ে গর্বিত।”
ছাত্রদের সঙ্গে যন্তর মন্তরের আন্দোলনে উপস্থিত ছিলেন শবানা। ২০ জুলাইয়ের বিক্ষোভে দিল্লি পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ার পর তাঁর হাঁপানির সমস্যা শুরু হয়। পরে তাঁর শরীরে এইচ১এন১ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ফলে কয়েক দিন পরে মুম্বইয়ে আয়োজিত আর একটি ছাত্র আন্দোলনে আর যোগ দিতে পারেননি তিনি।
জাভেদের সঙ্গে শবানার সম্পর্ক যখন গড়ে উঠতে শুরু করে, সেই সময়ও সমাজের বিভিন্ন বিষয়ে সরব ছিলেন শাবানা। তাঁদের সম্পর্ক তৈরি হয় ১৯৭০-এর দশকের শেষ দিকে।
জাভেদ যে ঘটনাগুলির কথা উল্লেখ করেছেন, তার মধ্যে রয়েছে ১৯৯৩ সালে মুম্বইয়ের বস্তিবাসীদের ঘর ভেঙে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ। সেই আন্দোলনে ১৬ জনের সঙ্গে শবানাকেও গ্রেফতার করা হয়েছিল।