‘সান দিয়েগো কমিক-কন’ মানেই চমক। তবে এ বার সেই চমকের কেন্দ্রবিন্দুতে ছিলেন হলিউড তারকা জনি ডেপ। পূর্বঘোষণা ছাড়াই ওই উৎসবে হাজির হন তিনি। তা-ও আবার চার্লস ডিকেন্সের কালজয়ী চরিত্র ‘এবিনিজ়ার স্ক্রুজ’-এর বেশে। মাথায় টপ হ্যাট, হাতে ছড়ি, ধূসর দাড়ি-গোঁফে চেনাই যাচ্ছিল না অভিনেতাকে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘ডিরেক্টর্স অন ডিরেক্টিং’ প্যানেলে আচমকাই উপস্থিত হন ডেপ। সেখানে তাঁর নতুন ছবি ‘এবিনিজ়ার: আ ক্রিসমাস কারোল’-এর প্রথম প্রচার-ঝলক প্রকাশ্যে আসে। যদিও কমিক-কনের কোনও আলোচনাসভায় তাঁর যোগ দেওয়ার কথা আগে থেকে ঘোষণা করা হয়নি।
‘সান দিয়েগো কমিক-কন’ -এ জনি ডেপ। ছবি: সংগৃহীত।
এর আগে কমিক বইয়ের উৎসব যে স্থানে হচ্ছে, তার বাইরে স্ক্রুজের বেশে দেখা যায় ডেপকে। তাঁকে ঘিরে ভি়ড় করেন অসংখ্য অনুরাগী। সেই মুহূর্তের ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। একটি ভিডিয়োয় শোনা যায়, ভিড়ের মধ্য থেকে কেউ ডেপের উদ্দেশে বলেন, “ মিস্টার স্ক্রুজ, আপনার দিনটি ভাল কাটুক।” অভিনেতা নিজের চরিত্র ছেড়ে বেরোতে নারাজ। তাই এবিনিজ়ারের সুরেই জবাব দেন অনুরাগীকে। অভিনেতা বলেন, “এখানে আবার ভাল কাটানোর বিষয় কী আছে?” ডিকেন্সের উপন্যাসের বিখ্যাত সংলাপেই যেন ফিরিয়ে আনেন কৃপণ, খিটখিটে স্ক্রুজকে।
২০২৫ সালের অক্টোবরে ছবিটির ঘোষণা হয়। টি ওয়েস্টের পরিচালনায় তৈরি হয়েছে এই ছবি। গল্পে এক অতিপ্রাকৃত যাত্রার মাধ্যমে নিজের অতীত, বর্তমান ও ভবিষ্যতের মুখোমুখি হয়ে জীবনের দ্বিতীয় সুযোগের সন্ধান পায় স্ক্রুজ। ২০১৯ সালের ‘ওয়েটিং ফর দ্য বারবারিয়ান্স’-এর পর এটি জনির প্রথম বড় হলিউড স্টুডিয়ো প্রযোজনার ছবি। ছবিতে অভিনয় করেছেন আন্দ্রেয়া রাইজ়বরো, ট্রামেল টিলম্যান, ইয়ান ম্যাককেলেন এবং রুপার্ট গ্রিন্ট।
ছবিতে জ্যাকব মার্লের ভূমিকায় অভিনয় করেছেন ইয়ান। সম্প্রতি জনিকে প্রশংসায় ভরিয়েছেন তিনি। অভিনেতা জানান, শুটিংয়ে জনিকে প্রাণবন্ত, রসিক এবং সহ-অভিনেতাদের প্রতি অত্যন্ত আন্তরিক দেখা যায়। তাঁর কথায়, “সেট যেন একেবারে উৎসবের মতো।”