Advertisement
E-Paper

‘সুহানাকে হাতে ধরে অভিনয় শেখাচ্ছেন শাহরুখ’, বাদশার ছবিতে কোন চরিত্রে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়কে?

জন্মদিনে সুখবর দিলেন খরাজ মুখোপাধ্যায়। শাহরুখ খানের সঙ্গে অভিনয় থেকে সুহানার সঙ্গে পর্দাভাগ — অভিজ্ঞতার ঝাঁপি খুললেন অভিনেতা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৬ ০৯:০১
শাহরুখের ছবিতে খরাজ।

শাহরুখের ছবিতে খরাজ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম

স্বমহিমায় বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। আগামী ডিসেম্বরেই আসছে ‘কিং’। ২০২৩-এ পর পর তিনটি ছবি মুক্তি পেয়েছিল বলিউড বাদশার। প্রায় তিন বছর পরে মুক্তি পাবে তাঁর অ্যাকশনে ভরপুর ছবি। তোড়জোড় চলছে জোরকদমে। এই ছবি দিয়েই মেয়ে সুহানার বড়পর্দায় অভিষেক হচ্ছে। যে চার জন চিত্রনাট্য লিখছেন, তাঁদের মধ্যে রয়েছেন ‘কহানি’-খ্যাত সুজয় ঘোষ। ছবিতে অভিনয় করছেন বাঙালি অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। কিছুদিন আগেই মুম্বইয়ে শুটিং করে ফিরলেন খরাজ।

‘কিং’ ছবিতে শাহরুখের লুক।

‘কিং’ ছবিতে শাহরুখের লুক। ছবি: সংগৃহীত

আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয়েছিল খরাজ মুখোপাধ্যায়ের সঙ্গে। শুটিংয়ের অভিজ্ঞতার কথা জানতে চাইলে, তিনি বলেন ‘‘অসাধারণ অভিজ্ঞতা। যদিও একটি ছোট চরিত্র করেছি। দারুণ মানুষ শাহরুখ খান। কাজ ছাড়া কিছুই বোঝেন না। যতক্ষণ সেটে আছেন, অন্য কোনও বিষয় নিয়ে আলোচনাও করেন না। জোরে কথাও বলেন না। তাই অন্যেরাও একেবারে চুপ করেই কাজ করেন। মাঝে কেবল একবার অল্প কিছু খেয়ে নেন। ওঁর শুটিং শুরু হয় দুপুর দুটো থেকে, রাত দুটো পর্যন্ত চলে। আমার জন্য সেটা খুবই সুবিধার হয়েছিল।’’

সুহানাকে হাতে ধরে অভিনয় শেখাচ্ছেন শাহরুখ: খরাজ।

সুহানাকে হাতে ধরে অভিনয় শেখাচ্ছেন শাহরুখ: খরাজ। ছবি: সংগৃহীত

এই ছবির মাধ্যমেই সুহানাকে বড়পর্দায় ‘লঞ্চ’ করছেন শাহরুখ খান। বাবা-মেয়ের সম্পর্ক কেমন দেখলেন অভিনেতা? খরাজের মতে, ‘‘মেয়ের প্রথম ছবি বলে পুরোটাই গাইড করছেন। খুব কেয়ারিং। মেয়েকে সবটাই অভিনয় করে দেখিয়ে দিচ্ছেন। শুয়ে থাকার একটা দৃশ্য আছে সুহানার। সেটার শুটিং হচ্ছে, সেই সময়ে শোয়ার ভঙ্গিও নিজে অভিনয় করে দেখিয়ে দিলেন শাহরুখ। মাথাটা কী ভাবে হেলিয়ে রাখতে হবে, সবটা দেখিয়ে দিচ্ছেন তিনি। বাবার সত্তা তো কাজ করছেই। অভিনেতা হিসাবে যাতে সুহানার কোনও ত্রুটি না থাকে, সেই দিকটাও সমান গুরুত্ব দিয়ে দেখছেন নায়ক। সুহানার সঙ্গেই বেশির ভাগ দৃশ্য ছিল আমার। শাহরুখজির সঙ্গেও দৃশ্য ভাগ করেছি। তিনি প্রশংসা করেছেন, এটাই প্রাপ্তি।’’

‘কিং’ ছবির সেটে শাহরুখ ও সুহানা খান

‘কিং’ ছবির সেটে শাহরুখ ও সুহানা খান ছবি: সংগৃহীত

প্রথমার্ধের শুটিং শেষে কলকাতা ফিরে এসেছিলেন অভিনেতা। শাহরুখ-সুহানা পোল্যান্ড গিয়েছিলেন। এর পর আবার দ্বিতীয়ার্ধের শুটিংয়ে ফের গিয়েছিলেন খরাজ। তিনি যোগ করেন,‘‘আমার শুটিং-এর শেষ দিনে দেখা করে বললাম, আপনি তো চরিত্রের লুকে আছেন। তাই ছবি তো তোলা যাবে না। আপনার একটা অটোগ্রাফ পাওয়া যাবে? আমি তা হলে স্মৃতিটুকু আমার কাছে রেখে দেব। নিজে থেকেই এগিয়ে এসে শাহরুখ বললেন, অবশ্যই! অটোগ্রাফ দিলেন। সুজয় ঘোষ এই ছবির চিত্রনাট্য লিখেছেন। তিনিই আমার কথা শাহরুখকে বলেছিলেন। ‘কিং খান’ এ-ও বললেন, ‘আপনার অভিনয়ের প্রশংসা শুনেছি।’ আমিও ধন্যবাদ জানিয়ে তাঁকে বললাম, ‘খুব ভাল অভিজ্ঞতা হল, আরও কাজ করার ইচ্ছা রইল আপনার সঙ্গে।’ মজা করে এ-ও বললাম, ‘আর এই যে আমি আপনার সঙ্গে কাজ করলাম, এটা তো অনেকের কাছেই স্বপ্ন, আমিই না ঈর্ষার কারণ হয়ে যাই।’ শুনে হেসে ফেললেন শাহরুখ। এতটাই বিনয়ী যে, তিনি বললেন, ‘না না একেবারেই নয়’।’’

চরিত্রটি নিয়ে খুব একটা খোলসা করেননি অভিনেতা খরাজ। তবে বলাই বাহুল্য, ‘বাদশা’র সেটে দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরেছেন তিনি। এখন অপেক্ষার ছবির মুক্তির। ২৪ ডিসেম্বর মুক্তি পাবে গৌরী খান প্রযোজিত, শাহরুখ অভিনীত অ্যাকশন-থ্রিলার ছবি ‘কিং’।

Shahrukh Khan SRK Suhana Khan Kharaj Mukherjee King

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy