নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় কণ্ঠ তিনি। অসংখ্য জনপ্রিয় গান রয়েছে কুমার শানুর কণ্ঠে। তবে সেই সময়ে সব গান যে তাঁর পছন্দের ছিল, এমনটা নয়। বরং কিছু গান নিয়ে তাঁর আপত্তি ছিল বরাবরই। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথাই অকপটে জানালেন গায়ক।
শানু স্পষ্ট করলেন, গানে অশ্লীলতা বা রুচিহীনতা তিনি কখনওই পছন্দ করতেন না। যদিও চাপের মুখে পড়ে দু’-একটি গান তাঁকে গাইতে হয়েছিল বলেও স্বীকার করেছেন তিনি। কুমার শানু জানান, সেই সময়ের ছবিতে ভালমন্দ সব ধরনের গানই ছিল। কিন্তু কিছু গান এমন ছিল, যেগুলি তিনি নীতিগত ভাবে গাইতে চাইতেন না। গায়ক বলেন, “আমার একটা নীতি ছিল, গানের মধ্যে অশ্লীলতা আনব না। কিন্তু দু’-একটি ক্ষেত্রে সেই নীতি মেনে চলতে পারিনি। এতটাই চাপ ছিল যে মনে হয়েছিল, গানগুলি না গাইলে হয়তো কাজটাই হবে না।”
আরও পড়ুন:
তাঁর দাবি, ইন্ডাস্ট্রির ‘মুভি মাফিয়া’-র চাপ থাকলেও নিজের নীতির সঙ্গে আপস করেননি। তবে দু’-একটি গান তিনি গাইতে বাধ্য হয়েছিলেন। নিজের অপছন্দের গানের মধ্যে উদাহরণ হিসেবে ‘রজ গয়া তবলা তবেলে মে’ গানটির কথা উল্লেখ করেন তিনি। তবে এই ধরনের গান তাঁর কেরিয়ারে একেবারেই ব্যতিক্রম বলে দাবি গায়কের।
কুমার শানু বলেন, “এ রকম এক-দু’টি গান আমার আছে। এর বাইরে যে গানগুলিকে সরাসরি অশ্লীল বলা হয়, সেগুলি আমি বরাবরই এড়িয়ে চলেছি এবং এখনও চলি। আজও আমি সেই নীতিতে অটল। এর জন্য হয়তো আমার অনেক ক্ষতি হয়েছে, কিন্তু তাতে আমার কোনও আক্ষেপ নেই।”