আবার শিরোনামে আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী। তবে এ বার কোনও নতুন আইনি বিতর্ক নয়, বরং তাঁর গ্রিসে ছুটি কাটানোর একটি ভিডিয়ো ঘিরেই শুরু হয়েছে বিপুল আলোচনা। যে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সেখানে দেখা গিয়েছে, গ্রিসের সমুদ্রসৈকত সংলগ্ন একটি ক্লাবে গায়িকা কণিকা কপূর এবং উদ্যোক্তা লরেন শর্টের সঙ্গে সময় কাটাচ্ছেন ললিত।
বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ্যে আসতেই নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গিয়েছে সমাজমাধ্যমে। কেউ তাঁর বিলাসবহুল জীবনযাপন নিয়ে মন্তব্য করেছেন, আবার কেউ আইপিএল গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদানের প্রশংসা করেছেন। অন্য দিকে, কয়েক জন তাঁর বিরুদ্ধে অতীতের আইনি বিতর্কের প্রসঙ্গও তুলে ধরেছেন।
কণিকার সঙ্গে ললিতের পার্টি করার মুহূর্ত ছড়িয়ে পড়েছে। ছবি: সংগৃহীত।
বছরখানেক আগে অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে ললিতের ছুটি কাটানোর মুহূর্ত প্রকাশ্যে আসার পরেও বিস্তর আলোচনা হয়েছিল। তাঁদের সম্পর্ককে কেন্দ্র করে দর্শকের মনে অনেক প্রশ্নও তৈরি হয়। পরে অবশ্য এই প্রসঙ্গে ললিত বলেছিলেন, “সুস্মিতাকে লোক ‘ডায়মন্ড ডিগার’ কেন বলছে? সত্যি বলতে, ওর কাছে এত হিরে আছে, যা আগে আমি কারও কাছে দেখিনি। ওর হিরের ব্যবসা রয়েছে। জীবনে যা করেছে, নিজে করেছে। আমি সুস্মিতার জন্য এক টাকাও কখনও খরচ করিনি। বরং ও করেছে। আমার যাবতীয় খরচ ও-ই চালাত। আসলে আমার ভরণপোষণের দায়িত্ব নিয়ে নিয়েছিল সুস্মিতা। ও এমন একজন মানুষ যে, কারও থেকে কিছু আশা করে না।”
সেই সম্পর্ক যদিও অতীত। গায়িকা কণিকার সঙ্গে বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ্যে আসার পরে দর্শকের একাংশের মনে তাঁদের সম্পর্ক নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। তা হলে কি এ বার ললিত এবং কণিকার মধ্যে নতুন কোনও সমীকরণ তৈরি হচ্ছে? সেই উত্তর যদিও এখনও অধরা।
প্রসঙ্গত, কিছু দিন আগেই নিজের ইনস্টাগ্রামেও ছুটি কাটানোর একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন ললিত। লিখেছিলেন, “জুলাই ছিল পার্টির মাস”। সেই সময় কণিকার সঙ্গে গানের ভিডিয়ো তৈরির পরিকল্পনার আভাসও দিয়েছিলেন তিনি।