আড়াইমাস হল বাড়িতেই ছিলেন পরিচালক দিগন্ত সিন্হা। প্রায় এক দশকের উপর লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস্’-এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২৯ মার্চ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে সবকিছু বদলে যায়। দু’মাস পরে কাজে ফিরলেন ‘চিরসখা’ ধারাবাহিকের পরিচালক দিগন্ত।
‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকের পরিচালনা করছেন তিনি। পরিচালক বললেন, “১৮ জুলাই থেকে যোগ দিয়েছি। অনেকের সঙ্গেই কথাবার্তা হয়েছে। কিন্তু লীনাদিরা যখনই নতুন ধারাবাহিক শুরু করবেন, তখন তাঁদের কাছেই ফিরে যাব। এত বছর কাজ করেছি। আমাদের মতো কিছুজনকে তো কাজ না থাকা সত্ত্বেও শৈবালদা মাসিক পারিশ্রমিকও দিয়েছেন। তা কী করে ভুলব? তাই আগামী দিনে লীনাদি, শৈবালদার প্রযোজনা সংস্থাতেই কাজ করার ইচ্ছা রয়েছে আমার।”
আরও পড়ুন:
লীনার প্রযোজিত ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’র শুটিং করতে গিয়েই আকস্মিক মৃত্যু হয় রাহুলের। তার পরেই রাতারাতি বন্ধ হয়ে যায় দুটি ধারাবাহিক। যার মধ্যে অন্যতম ছিল ‘চিরসখা’। সেই পরিস্থিতিতে দিগন্ত বলেছিলেন, “শৈবালদার সঙ্গে কথা হয়েছিল। দেখা যাক, কী হয়! এ কথাই বলেছেন। খুবই দুঃখ পেয়েছেন ওঁরা, সেটা বুঝতে পারছি। জানি না, এই পরিস্থিতি ঠিক হবে কবে।” তবে সময়ের সঙ্গে ধীরে ধীরে যে সমস্যার সমাধান হবে, সেই আশা রয়েছে দিগন্তের। তাই খুব বেশি দিন যে উল্লিখিত ধারাবাহিক পরিচালনা করবেন তেমন নয়। তাড়াতাড়ি পুরনো প্রযোজনা সংস্থার কাজে ফিরতে চান তিনি।